নোয়াখালীতে প্রকৌশলীকে মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় অবশেষে মামলা, আরেক প্রকৌশলীসহ আসামি ৪
অনুমোদনহীন বিদ্যুৎ লাইন নির্মাণে বাধা দেওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে মারধর ও তাঁর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ঘটনার চার দিন পর গতকাল শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ আরেক প্রকৌশলীসহ চারজনকে আসামি করে মামলাটি করেছে।
আহত প্রকৌশলী মো. সাইফুল ইসলাম একজনের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ পাঠালেও সেটি গ্রহণ করেনি পুলিশ। পরে অভিযোগ সংশোধন করে পুলিশের পরামর্শমতো দ্বিতীয়বার অভিযোগ পাঠানোর পর তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলার আসামিরা হলেন বসুরহাট পৌর যুবলীগের সদস্য মো. খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শিপন শাহরিয়ার, সদস্য মো. টিপু ও ফেনী বিউবোর উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। আসামি এমদাদ হামলার ঘটনায় বিউবো গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যও।
তবে মামলার এজাহারে আসামি করা হয়নি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেনকে। এ বিষয়ে বাদী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘তিনি (শাহদাত হোসেন) মুরব্বি মানুষ। তা ছাড়া মন্ত্রীর ভাই। আর মূল ঘটনা তো এরা ঘটিয়েছিল, তাই তাঁর (শাহদাত) নাম দেওয়া হয়নি।’
শনিবার দুপুরে মামলার বিষয়ে জানার জন্য কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বরন চাকমা প্রথম আলোকে বলেন, মামলা রুজু হওয়ার আগেই ঘটনাটির তদন্ত শুরু করেছেন তিনি। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহারে সহকর্মী ও বিউবো ফেনী কার্যালয়ের প্রকৌশলী এমদাদ উল্যাহকে আসামি করার বিষয়ে বাদী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনুমোদনহীন যে লাইনটি নির্মাণ করা হচ্ছিল, তা এমদাদ উল্যাহর যোগসাজশে নির্মাণ হচ্ছিল। কারণ, বাপেক্সের যে লাইনের উন্নয়নকাজ করতে বিউবোর ঠিকাদারের লোকজন এসেছিলেন, ওই প্রকল্পের দায়িত্বে রয়েছেন এমদাদ উল্যাহ। তাঁর ইন্ধন না থাকলে তাঁকে এভাবে মারধর এবং মাথা ন্যাড়া করার মতো এত বড় ঘটনা ঘটত না। তাই তাঁকে (এমদাদ উল্যাহ) আসামি করা হয়েছে।
মামলার এজাহারে সাইফুল ইসলাম সেদিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন, অবৈধ লাইন নির্মাণের সংবাদ পেয়ে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যনিগো বাড়ির সামনে যান। তিনি গিয়ে লাইন নির্মাণের সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং লাইন নির্মাণের ঘটনাটি মুঠোফোনে ভিডিও করেন। এ সময় কথা বলার একপর্যায়ে খোকন, শিপন, টিটুসহ ১৫-২০ জন তাঁকে মারধর করে হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নেন। প্রথম দফায় মারধর করার পর তাঁকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের একটি বাড়িতে (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের দোকানসংলগ্ন একটি ঘরে) নিয়ে আটক করে লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এতে কপালে, বাঁ হাতে, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। একপর্যায়ে খোকন তাঁর চুল কেটে দেন। হামলার ঘটনায় তিনি (সাইফুল) অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরলে আসামিরা বলেন, ফেনী থেকে বিদ্যুতের লোকজন এসেছে তাঁকে নিতে। এরপর রাত সাড়ে আটটার দিকে বিদ্যুতের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী নিয়ে যান।
সাইফুল ইসলামের অভিযোগ, তাঁর ওপর হামলার ঘটনাসহ অবৈধ লাইন নির্মাণের ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে বিতর্কিত ব্যক্তি যিনি নিজেই অবৈধ ওই লাইন নির্মাণের সঙ্গে জড়িত, সেই এমদাদ উল্যাহকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া যে আবাসিক প্রকৌশলী তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন, তাঁকেও ওই কমিটির সদস্যসচিব করা হয়েছে, যা সুষ্ঠু তদন্তকে বাধাগ্রস্ত করবে। তাই তদন্ত কমিটি পুনর্গঠনের দাবি জানান তিনি।
হামলার শিকার সাইফুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সেখানকার এক আত্মীয়র বাসায় অবস্থান করছেন। এ ঘটনায় তাঁর পুরো পরিবার আতঙ্কগ্রস্ত বলে তিনি উল্লেখ করেন।
সাইফুল ইসলামের করা মামলার আসামি প্রকৌশলী এমদাদ উল্যাহকে তদন্ত কমিটিতে রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিউবোর নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার আগেই তাঁকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি (এমদাদ উল্যাহ) চাইলেই এককভাবে প্রতিবেদন দিতে পারবেন না।
মামলার আসামি হওয়া প্রসঙ্গে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের ভাইসহ লোকজন ওনার (সাইফুল) ওপর যে ঘটনা ঘটেছে, সেটা কেন হয়েছে, তা সবাই জানেন। আমি কেন তাঁর ওপর হামলা করতে বলব। আমি ওই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নই। একই বিভাগের লোক কী এ ধরনের কাজ করবে?’
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যনিগো বাড়ির দরজায় অনুমোদনহীন একটি বিদ্যুৎ লাইন নির্মাণকাজে বিউবোর ঠিকাদারের লোকজনকে বাধা দেন বিউবোর কোম্পানীগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এ সময় লাইন নির্মাণের সঙ্গে জড়িত স্থানীয় যুবলীগের মো. খোকন, স্বেচ্ছাসেবক লীগের শিপন, টিপুসহ কয়েকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের একটি দোকানসংলগ্ন ঘরে আটকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। সেখানে সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেনও তাঁকে মারধর করেন। তাঁর মাথা ন্যাড়া করে তাঁকে আটকে রাখা হয়। রাত আটটার দিকে ফেনী থেকে বিউবোর লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।