সুনামগঞ্জের হাওরে অন্যের জমির ডুবে যাওয়া ধান কেটে নিয়ে যাচ্ছেন একদল লোক

সুনামগঞ্জের বরাম হাওরে ডুবে যাওয়া কৃষকের জমির ধান দল বেঁধে কেটে নিচ্ছিলেন কয়েকজন। গতকাল মঙ্গলবার দুপুরে তোলাছবি: সংগৃহীত

সুনামগঞ্জের হাওরগুলোর গভীর অংশ এখন বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে থই থই করছে। সেই পানির নিচে তলিয়ে আছে বহু কৃষকের জমির ধান। কোথাও কোথাও জমির সীমানাও আর চেনা যাচ্ছে না। এ সুযোগে একদল লোক নৌকা নিয়ে তলিয়ে যাওয়া অন্যের ধান নির্বিচার কেটে নিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে গতকাল দুপুরে পুলিশ হাওরে যায়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে ধান কাটায় জড়িত লোকজন সেখান থেকে সটকে পড়েন। পরে পুলিশ সবাইকে সতর্ক করে দেয়, কেউ যাতে নিজের জমি ছাড়া অন্যের ধান না কাটেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার বড় ধানের হাওরগুলোর একটি বরাম হাওর। এর কিছু অংশ শাল্লা উপজেলাতেও পড়েছে। সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হাওরের দিরাই উপজেলার ভাঙাডহর ও ডাইয়ারগাঁও অংশের অনেক জমির ধান তলিয়ে যায়। মানুষ তখন উঁচু অংশের ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত থাকায় নিচু অংশের ধান কাটতে পারেনি।

স্থানীয় দুজন কৃষক বলেন, পানিতে তলিয়ে যাওয়া ধান তোলা বেশ ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য কাজ। এ জন্য নৌকা ও অতিরিক্ত শ্রমিক লাগে। কোথাও কোথাও ডুব দিয়ে ধান কেটে তুলতে হয়। অনেক কৃষক তাই তলিয়ে যাওয়া ধান আর কাটেন না। আবার কেউ কেউ চেষ্টা করেন। স্থানীয় ভাষায় ডুবে যাওয়া ধান কেটে তোলাকে বলা হয় ‘আকি দেওয়া’।

পানিতে তলিয়ে যাওয়া ধান তোলা বেশ ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য কাজ। এ জন্য নৌকা ও অতিরিক্ত শ্রমিক লাগে। কোথাও কোথাও ডুব দিয়ে ধান কেটে তুলতে হয়। অনেক কৃষক তাই তলিয়ে যাওয়া ধান আর কাটেন না। আবার কেউ কেউ চেষ্টা করেন।

এখন হাওরের পানি কিছুটা কমতে শুরু করায় আশপাশের কয়েকটি গ্রামের কিছু লোক দুই দিন ধরে নৌকা নিয়ে হাওরে গিয়ে তলিয়ে যাওয়া ধান কাটছেন। স্থানীয় লোকজনের ভাষ্য, ১০ থেকে ১৫টি নৌকায় করে তাঁরা পানির নিচে থাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন বাধা দিলেও তাঁরা তা না মানায় পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানিয়েছে, তাদের উপস্থিতি টের পেয়ে কিছু লোক পালিয়ে যান। আবার কেউ কেউ দাবি করেন, তাঁরা নিজেদের জমির ধান কাটছিলেন। তবে পানিতে জমির সীমানা ডুবে যাওয়ায় কোন জমি কার, সেটি চেনা এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

হাওরে অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সবাইকে সতর্ক করা হয়েছে, যেন নিজেদের জমির ধানই কাটেন, কোনোভাবেই অন্যের জমিতে না যান। কেউ ইচ্ছাকৃতভাবে অন্যের জমির ধান কেটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু লোক পালিয়ে যান। আবার কেউ কেউ দাবি করেন, তাঁরা নিজেদের জমির ধান কাটছিলেন। তবে পানিতে জমির সীমানা ডুবে যাওয়ায় কোন জমি কার, সেটি চেনা এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

জেলার কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জ জেলার ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে হাওরের নিচু অংশে আবাদ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৫ হেক্টর জমিতে এবং উঁচু বা নন-হাওর এলাকায় ৫৮ হাজার ২৩৬ হেক্টরে।

সুনামগঞ্জে এবার মার্চের মাঝামাঝি থেকেই বৃষ্টি শুরু হয়। পরে অতিবৃষ্টি ও উজানের ঢলে জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। এখন আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় কৃষকেরা ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন

কৃষি বিভাগের তথ্যমতে, সোমবার পর্যন্ত সুনামগঞ্জে গড়ে ৮৪ দশমিক ৯৩ শতাংশ ধান কাটা হয়েছে। মোট কাটা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯৫৭ হেক্টর জমির ধান। এর মধ্যে হাওরে ১ লাখ ৪৬ হাজার ৬৮২ হেক্টর এবং নন-হাওর এলাকায় ৪১ হাজার ২৭৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। সেই হিসাবে এখনো প্রায় ১৭ শতাংশ ধান কাটা বাকি আছে।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওরে ২০ হাজার ৫৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। তবে স্থানীয় কৃষক ও কৃষকবান্ধব সংগঠনের লোকজন বলছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এখনো চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করা হয়নি। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।