‘দুর্বৃত্তদের দেওয়া’ আগুনে দগ্ধ ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা
বরগুনার বেতাগী উপজেলায় মধ্যরাতে নিজ ঘরে অগ্নিদগ্ধ সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খান ফারুক আহমেদ ওরফে শামীমের (৩৩) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে নিহত ফারুকের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান খান ফারুক আহমেদকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মামলার সংক্ষিপ্ত এজাহার থেকে জানা গেছে, গত মঙ্গলবার রাত দুইটার দিকে সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাটবাজার-সংলগ্ন এলাকায় ফারুকের বসতঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ফারুক, তাঁর স্ত্রী সূচি আক্তার (২৫), ছেলে মাইনুল খান (৫) ও সামিউল খান (২) দগ্ধ হন। তাঁদের বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফারুকের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে ফারুকের মৃত্যু হয়।
এ ঘটনায় আজ দুপুরে নিহত ব্যক্তির মা বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা করেন। মামলার বাদী মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, বসতঘরে বাইরে থেকে তালা লাগানোর পর পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে তাঁর ছেলের মৃত্যু হয়। গতকাল সকালে স্থানীয় ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফারুককে দাফন করা হয়।