৬৫ বছর ধরে একসঙ্গে ইফতার করেন যে পাড়ার রোজাদারেরা
৩৫০টির বেশি পরিবারের বসবাস পাড়ায়। একপাশে মাঠ। মাঠের পশ্চিম পাশে মাদ্রাসা। মাদ্রাসার ছাদে রাখা সাউন্ড বক্স থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের শব্দ। মাদ্রাসার মধ্যে ব্যস্ত কয়েকজন তরুণ ও যুবক। কেউ প্লেট ও গ্লাস পরিষ্কার করছেন, কেউ প্লেটে ইফতারি সাজাচ্ছেন, আবার কেউবা আপেল কেটে টুকরা টুকরা করছেন। ব্যস্ততায় কথা বলার ফুরসত নেই তাঁদের। নির্ধারিত সময়ের আগে ইফতারের প্লেট প্রস্তুত করার জন্য এ ব্যস্ততা।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের শেখপাড়ার একতলাবিশিষ্ট ফোরকানিয়া মাদ্রাসার দৃশ্য এটি। গত রোববার ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, পাড়ার কয়েকটি পরিবার মিলে ইফতারি তৈরি করে পাঠিয়েছে। কেউ দিয়েছেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি, কেউ সেমাই, কেউবা গুড়ের পায়েস, আবার কেউ দিয়েছেন আপেল ও আঙুর। এসব ইফতারি তিন শতাধিক প্লেটে সাজিয়ে রাখছিলেন স্বেচ্ছাসেবকেরা।
৬৫ বছর ধরে পাড়ার রোজাদার পুরুষেরা ওই মাদ্রাসায় একসঙ্গে ইফতার করেন বলে জানিয়েছেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শেখ আবদুল হাদী।
তিনি প্রথম আলোকে বলেন, কয়েক পরিবার মিলে একেক দিন ইফতারের ব্যবস্থা করেন। রমজানের শুরুতে সামর্থ্য অনুযায়ী তালিকা করে পরিবারগুলোর মধ্যে ইফতারের দায়িত্ব বণ্টন করা হয়। ২ থেকে ১০টি পরিবারকে একেক দিন ইফতার দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হয়।
প্রতিদিন তিন শতাধিক ব্যক্তি একত্রে ইফতার করেন জানিয়ে শেখ আবদুল হাদী বলেন, ৬০-৬৫ বছর আগে এলাকার মানুষ খুব গরিব ছিল। ওই সময় পাড়ার অবস্থাপন্ন ব্যক্তিরা সবার সঙ্গে একত্রে বসে ইফতার করার সিদ্ধান্ত নেন। সেই থেকে পাড়ার ওই ঐতিহ্য চলে আসছে। ইফতারের জন্য আলাদা কমিটি করে দেওয়া হলেও সার্বিক তত্ত্বাবধানে থাকে মসজিদ ও মাদ্রাসা কমিটি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ইফতার কার্যক্রম পরিচালনার জন্য তরুণ ও বয়স্কদের নিয়ে ১২ সদস্যের একটি কমিটি রয়েছে। ওই কমিটির সদস্য শেখ আসাদুল হক ২০ বছর ধরে ইফতারি বণ্টনে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছেন। এর আগে তাঁর বড় ভাইও এ কাজ করতেন।
আসাদুল হক প্রথম আলোকে বলেন, প্রতিদিন তিন শতাধিক মানুষ এখানে ইফতার করেন। ধনী-গরিব ভেদাভেদ নেই। সবাই একসঙ্গে ইফতার করেন। এটি প্রায় ৬৫ বছরের ঐতিহ্য।
সন্ধ্যা ছয়টায় মাদ্রাসায় আসতে শুরু করেন রোজাদারেরা। মাদ্রাসার নিচতলায় সারবদ্ধভাবে বসতেই একেকজনের সামনে পানিভর্তি গ্লাস ও ইফতারের প্লেট সাজিয়ে রাখেন স্বেচ্ছাসেবকেরা। নিচতলায় জায়গা সংকুলান না হওয়ায় ছাদে গিয়ে বসেন অধিকাংশ রোজাদার।
রোববার ইফতারের সময় হওয়ার অপেক্ষা করছিলেন ষাটোর্ধ্ব শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি, মাদ্রাসার মাঠে রোজার সময় ইফতারের ব্যবস্থা করা হয়। আমাদের পাড়ার কোনো পুরুষ সাধারণত বাড়িতে ইফতার করেন না। যাঁরা চাকরি বা কাজের জন্য এলাকার বাইরে থাকেন, তাঁরা গ্রামে এলে এখানে ইফতার করেন। সবার সঙ্গে ইফতার করার আনন্দ অন্যরকম। এতে ভ্রাতৃত্ববোধ বাড়ে।’
ইফতারের সময় হওয়ার ঠিক আগে মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত করেন। এতে সবার মা–বাবাসহ মারা যাওয়া স্বজনদের রুহের মাগফিরাত কামনা করা হয়। যাঁরা ইফতারসামগ্রী দেন, তাঁদের জন্য দোয়া করেন ইমাম। আজান দিলে ইফতার শুরু করেন রোজাদারেরা। স্বেচ্ছাসেবকেরা খেজুর বা শরবত মুখে দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে যান। যাঁর যা প্রয়োজন তা এগিয়ে দেন তাঁরা। ইফতার শেষ করে সবাই একসঙ্গে ছুটে যান পার্শ্ববর্তী মসজিদে। সেখানে একত্রে মাগরিবের নামাজ আদায় করেন তাঁরা।