ঈশ্বরগঞ্জে নারী ইউপি সদস্যকে লাঞ্ছিতের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খানের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উচাখিলা ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. রোকসানা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া বলেন, প্রাথমিক তদন্তের পর গতকাল রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল হাসান খান তাঁকে ইউপি কার্যালয়ে ডাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে গেলে বেশির ভাগ ইউপি সদস্যদের উপস্থিতি দেখতে পান। কিছুক্ষণ পর ইউপি সদস্য রফিকুল ইসলামকে গালিগালাজ করার অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান তাঁর (রোকসানার) কাছে কৈফিয়ত চান। তিনি সবার সামনেই উত্তর দেন। এতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে তাঁকে (রোকসানাকে) শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে এ সময় রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না।
গতকাল রাতে রোকসানা প্রথম আলোকে বলেন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে তিনি জড়িত। তাঁকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত কমিটিতে রাখা হলেও প্রকল্প সম্পর্কে কোনো কিছু জানতে দেওয়া হয় না। গত বৃহস্পতিবার তিনি ইউপি কার্যালয়ে গিয়ে এ প্রসঙ্গে কথা বলতে গেলে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তাঁকে লাঞ্ছিত করেন। গতকাল ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলন ডেকে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন, তা নিজেকে রক্ষার জন্য করেছেন। মারধরের ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। তিনি এ ঘটনার ন্যায়বিচার চান।
এর আগে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান মুঠোফোনে বলেছিলেন, রফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্য রোকসানার বিরুদ্ধে অশ্লীল গালাগাল করার অভিযোগ করেছেন। তিনি সভায় রোকসানাকে ডেকে এনে শাসন করেছেন। কোনো ধরনের মারধর বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, মামলাটি গুরুত্বসহ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।