দুই ছাত্রীর মৃত্যু
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে যেসব সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক দিনের জন্য ও পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দুই দিন শোক পালন করছে।
অন্যদিকে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় তাঁদের সহপাঠীরা সাত দফা দাবিতে আজ দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য দাবিগুলো মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে মারা যান দুই শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম ও তাসফিয়া জাহান। দুজনই পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাঁদের মৃত্যুর ঘটনায় এক দিনের জন্য শোক ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানান রেজিস্ট্রার দলিলুর রহমান। অন্যদিকে পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো. রাজিব হোসেন দুই দিনের (বুধ ও বৃহস্পতিবার) শোক ঘোষণা করেন।
রেজিস্ট্রার দলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ উপলক্ষে আমরা আজ এক দিনের শোক ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছি। ওই বৈঠকে আলোচনা করার চেষ্টা করেছি কী কী কাজ করলে ওই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যেত। সেখানে অনেকগুলো পরামর্শ এসেছে, দ্রুত আমরা এই কাজগুলো সম্পন্ন করব।’
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে সাত দফা দাবি বাস্তবায়নের বিষয়ে উপাচার্যের পক্ষ থেকে জানানো হয়। শিক্ষার্থীদের দাবি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তগুলো হলো:
দাবি-১: বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সব কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসককে আগামীকালের মধ্যে বহিষ্কার করতে হবে।
সিদ্ধান্ত: আজ মেডিকেল কমিটি পুনর্গঠন করা হবে এবং আগামীকাল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দাবি-২: নতুন অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স নিয়োগ এবং তাঁদের ২৪ ঘণ্টা সেবা প্রদান করতে হবে।
সিদ্ধান্ত: আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে দুজন অভিজ্ঞ নার্স আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দাবি-৩: দক্ষ চালকসহ অ্যাম্বুলেন্স এবং একক ফোন নম্বর থাকতে হবে।
সিদ্ধান্ত: এ বিষয়ে অ্যাম্বুলেন্সচালককে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং একক ফোন নম্বরের ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে।
দাবি-৪: সিসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে আগামী ১৫ দিনের মধ্যে।
সিদ্ধান্ত: আগামীকাল থেকে অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী দুই মাসের মধ্যে ব্যবস্থা করা হবে।
দাবি-৫: ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং মেডিকেল সেন্টার ১০ শয্যায় উন্নীত করতে হবে।
সিদ্ধান্ত: আগামী ১০ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাবি-৬: মোবাশ্বেরা তানজুম ও তাসফিয়া জাহানের স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে।
সিদ্ধান্ত: আগামীকাল থেকে স্মৃতিস্তম্ভ তৈরির কাজ শুরু হবে।
দাবি-৭: লেকপাড়ের সংস্কার (রেলিং, তলদেশ ভরাট, সিঁড়ি) নিশ্চিত করতে হবে।
সিদ্ধান্ত: আগামীকাল থেকে লেকপাড় সংস্কারের কাজ শুরু হবে।