মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদর একাংশ) আসনে নৌকায় ভোট না দিলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গুলি করে হত্যার ও হাত কেটে ফেলার হুমকি দেওয়া আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামি আলী ইস্কান্দার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের অনুসারী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ (ট্রাক প্রতীক)। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে জাহিদের কর্মী শাহিনুর ইসলাম, আবদুর রাজ্জাক, মো. মিনহাজ ট্রাক প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করছিলেন। এ সময় সেখানে যান উপজেলা আওয়ামী লীগের নেতা আলী ইস্কান্দার। তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানা হুমকি দেন।
আওয়ামী লীগের ওই নেতার এই ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আলী ইস্কান্দারকে উচ্চস্বরে বলতে শোনা যায়, ‘এবার আমার দেখার আছে। আমি তো কেন্দ্রের ভেতরে থাকব। নৌকা প্রতীকে ভোট না দিলে হাত কাইটা (কেটে) ফালামু (ফেলব)। রেডি (প্রস্তুত) থাইকো। সাহস থাকে পাল্লা লইবা আমার লগে। কে আছে আমার অ্যাগিনেস্টে (বিরুদ্ধে) যাবে। লজ্জা করে না তোমাদের। দেখার আছে আমার। খোদার কসম, দেখার আছে এবার। চৌদ্দ শিকে ঢুকাইয়া ছাইরা দিমু। সরকার আমার, পাওয়ার আমার, প্রশাসন আমার, এমপি আমার। যাইও ভোট দিবার, যাইও ট্রাক মার্কায়। ট্রাকের চাকার তলে ফালাই দিমু। ফাজলামো। হাড্ডি–মাংস এক কইরা ফালামু প্রত্যেকটাকে গুলি করব।’
এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়। গতকাল হত্যার হুমকির ঘটনায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ সংবাদ সম্মেলনও করেন।
এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ (১৯৭২) অনুযায়ী আওয়ামী লীগ নেতা আলী ইস্কান্দারকে আসামি করেন সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম। মামলার এজাহারে নির্বাচন কর্মকর্তা উল্লেখ করেন, আসামির এ ধরনের ভিডিও বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়। এতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিপ্রায় প্রকাশ পায়।
মামলা বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি, তবে মামলার বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান গতকাল বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
হরিরামপুরে এক কর্মীকে হুমকি
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদের এক কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শাখাওয়াত হোসেন বাদী হয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, নৌকার কর্মী রিফাত চৌধুরীসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিরামপুরের কৌড়ি এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন শাখাওয়াত হোসেন। এ সময় তাঁর হাতে নৌকা প্রতীকের লিফলেট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে বলেন যুবলীগের নেতা ফরিদ মোল্লা। এতে রাজি না হওয়ায় ফরিদ, রিফাতসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জন তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
যুবলীগের নেতা ফরিদ মোল্লা দাবি করে বলেন, শাখাওয়াত বিএনপির কর্মী। বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ কারণে তাঁর সঙ্গে কথা–কাটাকাটি হয়। যে অভিযোগে তিনি মামলা করেছেন, তা মিথ্যা।