মানিকগঞ্জে বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল লিটন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিরা বিএনপির অজ্ঞাতনামা নেতা-কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ এবং ছাত্রদল নেতা রুবেল মাহমুদ। পরে এ মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। তিনি বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানাভাবে বাধা দেন। বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের মারধর করা হয়। গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর করেন। অথচ উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে।
পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা শহরের খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে রাস্তা বন্ধ না করতে অনুরোধ করা হলেও বিএনপির নেতা-কর্মীরা রাস্তার ওপরই অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে সড়কের ওপর থেকে সরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে তাঁদের ওপর ‘মৃদু লাঠিপেটা’ করা হয়। এরপর বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করেন বিএনপির নেতা-কর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে যোগ দিতে বেলা পৌনে ১১টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। পথে খালপাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নেতা–কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন।
এরপর পুলিশ বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসি আবদুর রউফ সরকার, কনস্টেবল সাখাওয়াত হোসেন, মো. শাহীন এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজেদুর রহমান আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।