ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত
নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চারজন যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের এক বট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভ্যানের যাত্রী প্রতিভা রানী রায় (৩০) ও তাঁর দুই সন্তান যাদব রায় (৬) ও বিপাশা রায় (৮)। নিহত আরেকজন হলেন তাঁদের স্বজন পরিমল রায় (৩৫)। তাঁদের বাড়ি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের আরেক যাত্রী সহিদুল ইসলামকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিভা রানী রায় সন্তানদের নিয়ে ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে এক বট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের খাদে ভ্যানটি উল্টে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই চারজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে আটকে থাকে। ট্রাকের চালক পালিয়ে যান।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।