বারবার হল থেকে অস্ত্র উদ্ধার হলেও ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে দেশি অস্ত্র উদ্ধারের পর দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে
ছবি: প্রথম আলো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে বারবার দেশি অস্ত্র উদ্ধার করা হলেও ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। মিছিল ও সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেনের পদত্যাগের দাবি তোলেন তাঁরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও হল প্রশাসন নীরব ভূমিকায় আছে। এতে সন্ত্রাসীরা অভয় পেয়ে শিক্ষার্থীদের সামনে দিনদুপুরে হলে অস্ত্র মজুতের মতো ঘটনা ঘটাচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এসব অস্ত্র ব্যবহৃত হলে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের পক্ষ থেকে বারবার বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষকে নিরাপত্তাহীনতার কথা জানানো হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। আজ ভোরে সাধারণ শিক্ষার্থীরা শৌচাগারের ছাদ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে তাঁকে জানালেও তিনি হলে আসেননি। এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই দাবি আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

আরও পড়ুন

সমাবেশে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. রাকিব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুম্মান হোসেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী প্রমুখ।

আজ ভোরে বঙ্গবন্ধু হলের পঞ্চমতলার শৌচাগারের ফলস ছাদ থেকে দা, কাঁচি, পাইপ, স্টাম্পসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে হল কর্তৃপক্ষের কাছে জমা দেন শিক্ষার্থীরা। এর আগে গত ৩ জুন শের-ই-বাংলা হলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে দুই শতাধিক জিআই পাইপ, রড, দাসহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করেন হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া। এ ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় কারা জড়িত, সেটা শনাক্ত করার কাজ চলছে। আমরা নানা দিক পর্যালোচনা করছি। তদন্ত করে দায়ী ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমিটি না থাকলেও ছাত্রলীগের একাধিক পক্ষ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এসব পক্ষ প্রায়ই সংঘাতে জড়াচ্ছে। এর মধ্যে একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের কয়েকটি কক্ষে দেশি অস্ত্র মজুত করে, যা ৩ জুন অভিযান চালিয়ে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের পাঁচ মাসে বিশ্ববিদ্যালয়ে অন্তত তিনটি বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। ৩ জুন অস্ত্র উদ্ধারের পর আবারও সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এর পর থেকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এই আতঙ্কের মধ্যেই বঙ্গবন্ধু হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই হলের শিক্ষার্থীরা আতঙ্কে আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখতে হল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কাজে কেউ জড়িত থাকলে তাঁদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হলের সিসিটিভি ফুটেজ দেখে কারা এসব অস্ত্র মজুত করেছেন, তা শনাক্ত করার চেষ্টা চলছে।’

প্রক্টর আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত দিনে বিশ্ববিদ্যালয়ে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা সেসব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিয়েছি। বেশ কিছু ঘটনায় মামলা হয়েছে। আবার কিছু ঘটনায় দুই পক্ষের সমঝোতা হওয়ায় সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করণীয় কিছু ছিল না।’