প্রথম দিনে ৯০০ অগ্নিনির্বাপন যন্ত্র পেল টেকনাফের রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যে অগ্নিনির্বাপন যন্ত্র পেয়ে খুশি এক রোহিঙ্গা গৃহবধূ। মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী আশ্রয়শিবিরে
ছবি: সংগৃহীত

পাহাড়ের ঘিঞ্জি ঝুপড়িঘরে গাদাগাদি করে থাকতে হয়। কোনো ঘরে আগুন লাগলে মুহূর্তেই তা সবখানে ছড়িয়ে পড়ে। আগুনে ছাই হয় সবকিছু। আশপাশে পুকুর না থাকায় আগুন নেভাতে অনেক সমস্যা হয়। এখন ঘরে ঘরে অগ্নিনির্বাপন যন্ত্র বসানো হলো। এখন ক্ষয়ক্ষতিও কমবে।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী আশ্রয়শিবিরে (ক্যাম্প-২৭) কথাগুলো বলেন রোহিঙ্গা গৃহবধূ জাহেদা খাতুন (৪৫)। তিনি ওই শিবিরের এইচ ব্লকের বাসিন্দা। আজ দুপুরে তাঁর হাতে বিনা মূল্যে একটি অগ্নিনির্বাপন যন্ত্র তুলে দেন ক্যাম্পের ইনচার্জ ও জ্যেষ্ঠ সহকারী সচিব তানভির আহমেদ।

আরও পড়ুন

সকাল ১০টায় অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত আশ্রয়শিবিরে ৩০০টি যন্ত্র বিতরণ করা হয়। পাঁচটি রোহিঙ্গা পরিবার মিলে একটি অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করবে। যন্ত্র ব্যবহারের বিষয়ে তালিকাভুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তানভির আহমেদ বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। হতাহতের ঘটনাও আছে। ক্ষয়ক্ষতি কমাতে অগ্নিনির্বাপন যন্ত্র সহায়ক ভূমিকা রাখবে। রোহিঙ্গারা যাতে মূল্যবান যন্ত্রগুলো বিক্রি না করে রক্ষণাবেক্ষণ করে, সে জন্য তদারকি দরকার।

আরও পড়ুন

আন্তর্জাতিক দাতা সংস্থা ডব্লিউএইচএইচ ও বিএমজেডের সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনা মূল্যে অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)। আজ টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী আশ্রয়শিবির (ক্যাম্প-২৪) ও জানারঘোনা আশ্রয়শিবিরে (ক্যাম্প-২৫) আরও ৬০০টি অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ করা হয়।

এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তফা রাজী বলেন, ২০২১ সালের ২১ মার্চ উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ক্যাম্পের ১০ হাজারের বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়েছিল। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৫ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদনমতে, উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোয় গত এক বছরে (জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত) ২২২টি অগ্নিকাণ্ড ঘটেছে।

বেসরকারি সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় তিনটি আশ্রয়শিবিরে ৯০০টি অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে
ছবি: সংগৃহীত

এফআইভিডিবির এই কর্মকর্তা আরও বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দফায় আজ টেকনাফের তিনটি আশ্রয়শিবিরে ৩০০টি করে মোট ৯০০টি অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ করা হয়। কাল বুধবার ও পরশু বৃহস্পতিবার ক্যাম্পগুলোয় আরও ১ হাজার ৬০০টি অগ্নিনির্বাপন যন্ত্র বিতরণ করা হবে। সব মিলিয়ে ২ হাজার ৫০০ অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহারের সুযোগ পাচ্ছে ১০ হাজার ৭৩৮টি পরিবার।

প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারগুলো থেকে ২ হাজার ৫০০ জন দলনেতা নির্বাচন করে ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মাধ্যমে অগ্নিনির্বাপন কৌশল ও নির্বাপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

২০২২ সালের ৩ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে যায় মুছনী আশ্রয়শিবিরের (ক্যাম্প-২৬) ই-ব্লকের বাসিন্দা নুর কলিমার ঘর। আগুনে পুড়ে যায় মূল্যবান জিনিসপত্র। এক কাপড়ে দুই ছেলেমেয়ে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি। আজ অগ্নিনির্বাপন যন্ত্র পেয়ে খুশি নুর কলিমা (২৬)। তিনি বলেন, সেই দিন যদি যন্ত্রটা থাকত, তাহলে এত ঘরবাড়ি পুড়ত না। আগুন নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয় তাঁদের। এখন শঙ্কা কিছুটা দূর হলো।

রোহিঙ্গা মোহাম্মদ হোসেন (৪৫) বলেন, আগুন নিয়ে রোহিঙ্গাদের সব সময় শঙ্কায় থাকতে হয়। যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সতর্কতার সঙ্গে তিনি যন্ত্রটি কাজে লাগানোর চেষ্টা করবেন।