সাভারে ছাত্রদল নেতাকে পরিকল্পিত হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

ঢাকার সাভারে বিপিএটিসির মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে

ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশী (২৯) মারা যাওয়ার ঘটনা তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বিপিএটিসির মূল ফটকের সামনে আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে মানববন্ধন হয়। বিপিএটিসি যুব কল্যাণ সংঘ এ কর্মসূচির আয়োজন করে; চলে আড়াইটা পর্যন্ত। মোনারুল ইসলাম বকশীর সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

কর্মসূচিতে মোনারুলের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ, সহসভাপতি সাগর হোসেন এবং বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে মমদেল হোসেন বকশী অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি হত্যার সুষ্ঠু বিচার চাই। যারা এ হত্যার সঙ্গে জড়িত, যারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, আমি প্রত্যেকটা ব্যক্তির বিচার চাই। অতি দ্রুত ন্যায়বিচারের দাবি করছি।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যেই অফিসার হোক, যেই সদস্য হোক, তাদের ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতির কোনো সুযোগ নেই। তাদের নামে মামলা করা হবে এবং আইন মোতাবেক তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না। আমরা এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি করছি।’

আরও পড়ুন

প্রসঙ্গত, রংপুর জেলার পীরগাছার এক কিশোরী নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে সাভারে বিপিএটিসির আবাসিক ভবনের মোনারুলদের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিলেন সাভার মডেল থানা ও রংপুরের পীরগাছা থানার একদল পুলিশ সদস্য। তাঁদের কাছে তথ্য ছিল নিখোঁজ কিশোরী ফ্ল্যাটটিতে অবস্থান করছে। এ সময় ছাদ থেকে পড়ে মারা যান মোনারুল। মোনারুলের বাবা জাফর আলী প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী। বাবার ফ্ল্যাটে থাকতেন মোনারুল। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের দক্ষিণ হাতিবান্ধায়।