রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ চলাকালে পুলিশের ছররা গুলিতে চোখে আঘাত পাওয়া আল-আমিন চোখে অস্ত্রোপচারের পর আবছা দেখতে পারছেন। গত শনিবার বিকেলে ভারতের চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।
আল-আমিন প্রথম আলোকে বলেন, ‘চোখে সার্জারির পর এখন আবছা দেখতে পাচ্ছি। এক হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছি। এখন চোখে আলো পড়লে অনুভব করতে পারি। বেশ কিছু ড্রপ ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসক বলেছেন, ধীরে ধীরে আরও উন্নতি হবে।’
আল-আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সাতক্ষীরা সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সেলিমের ছেলে।
গত ১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের বাগ্বিতণ্ডার জেরে স্থানীয় বিনোদপুর বাজারে সংঘর্ষ বাঁধে। পরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা ও সংঘর্ষে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে চোখের ভিট্রিয়ল রেটিনাল ইনজুরির কারণে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ভারতের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসার পরও চোখে দেখতে পারছেন না মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল ইসলাম। ঝাপসা দেখছেন ফারসি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম।
আরেক শিক্ষার্থী আল-আমিন অর্থাভাবে চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়ে যেতে পারছিলেন না। পরে তাঁর বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বন্ধুদের সহায়তায় কিছু টাকা নিয়ে গত ২৫ মে ভারতে চিকিৎসা নিতে যান। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা ছাড়াই বাড়িতে ফিরে আসেন আল-আমিন ও তাঁর বাবা। পরে ১০ জুন প্রথম আলোতে ‘বসতভিটা বিক্রি করে হলেও ছেলের চোখের চিকিৎসা করাতে চান বাবা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে আল-আমিনের চোখের অস্ত্রোপচার করার যাবতীয় খরচ দেয় ‘সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান।
গতকাল রোববার বিকেলে আল-আমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ৪ জুলাই ভারতের উদ্দেশে রওনা হই। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ জুলাই আমার চোখের সার্জারি করা হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার হয়। আগের চেয়ে এখন অনেকটা ভালো বোধ করছি। চোখে আবছা দেখতে পাচ্ছি। ডাক্তার তিন সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আবার ৩১ আগস্ট ভারতে যেতে হবে।’
আল-আমিন বলেন, তাঁর চোখের ভিশন পয়েন্টে আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এর আগে রেটিনা থেকে বেশ রক্তপাতও হয়েছে। যার ফলে মূল জায়গা দিয়ে এখনো কিছু দেখতে পাচ্ছেন না। চিকিৎসক জমাট রক্তগুলো পরিষ্কার করে দিয়েছেন। ধীরে ধীরে আরও ভালো দেখতে পারবেন বলে চিকিৎসক জানিয়েছেন। তাঁর চিকিৎসার বিষয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোকে এবং চিকিৎসার খরচ দেওয়ায় সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান আল-আমিন।