আর্জেন্টিনার জয়ে সিলেটে ঢাকঢোল পিটিয়ে আনন্দমিছিল
কখনো ‘মেসি, মেসি’ স্লোগান। আবার কখনো ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’, সঙ্গে ভুভুজেলা আর ঢোলের তালে তালে নাচছেন হাজারো মানুষ। গতকাল রোববার দিবাগত রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ কাপ জয়ের পর এমন আনন্দে মাতেন সিলেট নগরের বাসিন্দারা। জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, সোবহানীঘাট কিংবা বন্দরবাজার—পুরো নগরের একেকটি এলাকা যেন হয়ে উঠেছিল এক খণ্ড আর্জেন্টিনা।
গতকাল রাতে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছিল সারা দেশেই। ব্যতিক্রম ছিল না সিলেটও। শিশু থেকে বৃদ্ধ—কেউই বাদ যাননি আনন্দ উদ্যাপনে। এর আগে কুয়াশাঘেরা শীতের রাত উপেক্ষা করেই নগরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখতে আসেন বিভিন্ন বয়সের মানুষ। খেলা শেষে রাস্তায় মানুষের ভিড় যেন আরও বেড়ে যায়। ঢাকঢোল পিটিয়ে বিজয়মিছিল বের করেন অনেকে। আতশবাজি ফুটিয়ে উদ্যাপন করতে দেখা যায় বিভিন্ন এলাকায়। তরুণদের অনেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। উদ্যাপনকে স্মরণীয় করে রাখতে এ সময় ছবি ও ভিডিও ধারণ চলছিল সমান তালে।
নগরের বারুতখানা এলাকায় দাঁড়িয়ে মিছিল দেখে হাততালি দিচ্ছিলেন চৌধুরী মবিন (৫২)। তিনি বলেন, কিশোর বয়সে আর্জেন্টিনার কিংবদন্তী ম্যারাডোনার খেলা দেখে দলটির প্রতি দুর্বলতা তৈরি হয়েছিল। আর্জেন্টিনা তখন বিশ্বকাপ জেতে। তবে এরপর আবার বিশ্বকাপ জয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এবার আরেক কিংবদন্তী খেলোয়াড় মেসির হাত ধরে আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ উঠেছে। এ জন্য তিনি বেশ খুশি। জয় উদ্যাপন করতেই তিনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছেন।
বারুতখানা মোড় থেকে ঢাকঢোল পিটিয়ে একদল তরুণ জিন্দাবাজারের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। বাজনার তালে তালে নাচছিলেন ওই তরুণেরা। ওই দলে থাকা আতিক চৌধুরী (২২) বলেন, মেসির খেলা দেখেই তিনি বড় হয়েছেন। মেসির দল আর্জেন্টিনা, এজন্যই দলটিকে সমর্থন করেন। মেসির হাতে অন্য সব ট্রফি থাকলেও বিশ্বকাপ ধরা দিচ্ছিল না। এবার মেসির শেষ বিশ্বকাপ ছিল। শেষ বিশ্বকাপেই মেসির স্বপ্ন পূরণ হয়েছে।
জিন্দাবাজার মোড়ে বন্ধু পাভেল আহমদের কাঁধে উঠে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছিলেন সাইদুর রহমান। প্রায় আধঘণ্টা সময় বন্ধুর কাঁধে চড়ে ঘুরে বেরিয়েছেন তিনি। পাভেল আহমদ বলেন, সারা দিন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে রাতে খেলা দেখতে বসেছিলেন। তবে আর্জেন্টিনার জয়ে সব ক্লান্তি দূর হয়ে গেছে।
আর্জেন্টিনার জয় উদযাপনে অংশ নেওয়া মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি মূলত জার্মানি দলের সমর্থক। তবে তাঁর দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি প্রার্থনা করছিলেন, মেসি যেন এবার বিশ্বকাপ জেতে।
জিন্দাবাজার মোড়ে ভিড়ের কারণে প্রায় এক ঘণ্টা ট্রাকে আটকে ছিলেন চালক রাজা মিয়া (৪৭)। তিনি বলেন, ফেরার তেমন তাড়া নেই। এজন্য তিনি আর্জেন্টিনা সমর্থকদের জয় উদ্যাপন উপভোগ করছেন। যদিও তিনি এবার সৌদি আরব দলের সমর্থক ছিলেন। তবে মেসি বিশ্বকাপ পাওয়ায় তাঁর কোনো আক্ষেপ নেই।
এদিকে রাত একটার দিকে নগরের চৌহাট্টা মোড়ে প্রায় দুইশতাধিক মোটরসাইকেল জটলা দেখা গেছে। ওই মোড় থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তরুণেরা। রিকাবীবাজার মোড়ে দেখা গেলো ছাদখোলা একটি মাইক্রোবাসে চড়ে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। তাঁকে ঘিরে আর্জেন্টিনা এবং মেসির নামে স্লোগান দিচ্ছিলেন অর্ধশত যুবক ও তরুণ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিজয় উদ্যাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। নগরের বাসিন্দারা সুন্দরভাবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেছেন এবং পছন্দের দলের বিজয় উদ্যাপন করেছেন। সিলেট মহানগর পুলিশের টহল দল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ছিল। সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই বিশ্বকাপ উন্মাদনা শেষ হয়েছে মন্তব্য করে তিনি নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।