বিএনপি নেতার করা মামলায় কারাগারে থাকা বৈষম্যবিরোধী নেতার জামিন

কারাগারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসান জিহাদী জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা কারাগারের সামনেছবি: প্রথম আলো

বিএনপি নেতার করা মামলায় কারাগারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

হাসান জিহাদীর স্ত্রী সৈয়দা আইরিন আক্তার প্রথম আলোকে বলেন, আজ জিহাদীর জামিনের জন্য আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। বিকেলে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত রোববার একই আদালত হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দিয়েছিলেন।

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসান জিহাদী বের হলে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, হাসান জিহাদী ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালান। এ সময় টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকেরা। তাঁদের দাবি, উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এতে এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা অসুবিধায় পড়েন। এ কারণে হাসান জিহাদী আপত্তি জানালে শহিদুল ইসলাম ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিজেদের বাড়ির আসবাব এলোমেলো করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেন বলে দাবি করেন তাঁরা।

আরও পড়ুন