গাজীপুরে অবশেষে কলেজ ভবন থেকে সরানো হলো ব্যানার-ফেস্টুন

গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের ব্যানার–ফেস্টুন। মঙ্গলবার সকালের চিত্রছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের একটি সম্মেলনকে কেন্দ্র করে কলেজ ভবনসহ মাঠের আশপাশে সাঁটানো নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার এ নিয়ে প্রথম আলো অনলাইনে ‘কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গতকাল দিবাগত রাতেই নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যানার আর ফেস্টুনে পুরো কলেজ ভবন ঢেকে দেওয়া হয়েছিল। ভবনের পলাশের মাঠ ও মূল ফটকেও নেতা-কর্মীদের ছবিসংবলিত বাহারি প্রচারণা ছিল। দেখতে মনে হচ্ছিল, এটি কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন।

দলীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৫ অক্টোবর সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। বড় নেতা ও সম্মেলনে আসা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় তাঁরা ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠেই সম্মেলন অনুষ্ঠিত হবে, তাই কলেজের প্রধান ফটকসহ আশপাশে এবং পুরো কলেজ ভবনটি ঢেকে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন দিয়ে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বেশ সমালোচনা হয়। পরে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়।

আজ মঙ্গলবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশ দিয়ে ব্যানার-ফেস্টুন থাকলেও কলেজ ভবনটি থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। তাতে মনে হচ্ছে, খোলস থেকে ভবনটি বেরিয়ে এসেছে। তবে এখনো বেশ কয়েকটি ফেস্টুন রয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, নেতা-কর্মীরা নিজ দায়িত্বে সেগুলো না সরালে তাঁরা নিজেরা এসব কেটে ফেলে দেবেন।

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ ভবনে যেভাবে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছিল, সেটা দৃষ্টিকটু লাগছিল। নিজ দায়িত্বে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন খুলে নিয়ে ভালো করেছেন।

গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবন এভাবে ব্যানার ও ফেস্টুন দিয়ে ঢেকে ফেলা হয়েছিল
ফাইল ছবি

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কথা হয়। তখন তিনি এসব ব্যানার-ফেস্টুন খুলে নিতে বলেন। পরে রাতেই তাঁরা নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন। অবশ্য কিছু ব্যানার-ফেস্টুন রয়ে গেছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মোতাবেক তাঁরা সেগুলো সরিয়ে ফেলেছেন।