২১ ঘণ্টায়ও নেভেনি মোংলা ইপিজেডের ব্যাগ কারখানার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার দুপুর পর্যন্ত কারখানাটি থে‌কে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে
ছবি: প্রথম আলো

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘ভিআইপি লাগেজ বিডি প্রাইভেট লিমিটেড’ নামের কারখানায় লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। কারখানাটি থে‌কে এখনো কালো ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার বেলা একটা পর্যন্ত মোংলা, বাগেরহাট ও খুলনার ৫টি ফায়ার স্টেশনের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে গতকাল রাতে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারখানার মূল প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার।

আরও পড়ুন

জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত কারণে গতকাল দুপুরে পুরো কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। ওই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নেভেনি। আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্থানে এখনো আগুন আছে।’ আগুন পুরোপুরি নেভাতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। তবে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে থাকায় আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

মোংলা, বাগেরহাট ও খুলনার ৫টি ফায়ার স্টেশনের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
ছবি: প্রথম আলো

ওই কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান মো. মিজানুর রহমান খান বলেন, দুর্ঘটনার সময় কারখানার ভেতরে ব্যাগ তৈরির কাঁচামালসহ প্রস্তুত করা কয়েক হাজার ব্যাগ ছিল, যা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানির অপেক্ষায় ছিল। এ ছাড়া কারখানায় রাসায়নিক আঠা, ফেব্রিকস, পলিথিনজাতীয় দাহ্য পদার্থ ও উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ১ লাখ ১১ হাজার বর্গফুট আয়তনের ওই কারখানায় দুর্ঘটনার সময় প্রায় ৭০০ শ্রমিক কাজ করছিলেন। তবে আগুন লাগার পরপরই সবাই নিরাপদে কারখানার বাইরে বেরিয়ে আসেন। এ জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ভিআইপি লাগেজের ১ নম্বর কারখানায় আগুন লাগে। সেখানকার কাঁচামালের গুদাম থেকে আগুন ছড়ায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্যাগ তৈরির পলিথিন, ফোম, বিভিন্ন রাসায়নিক আঠা, ফেব্রিকস ও অন্যান্য পলিথিনজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত সময়ের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, এখনো আগুন পুরোপুরি নেভেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতিমধ্যেই ইপিজেডের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। এরপর দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

মোংলা ইপিজেড কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিডেট নামের ভারতীয় এই প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ শুরু করে। শুরুতে তারা ছয়টি কারখানা দিয়ে পণ্য উৎপাদনে যায়। ২০২৩ সাল পর্যন্ত এই ইপিজেডে তাদের ৯টি কারখানা আছে। এসব কারখানায় তৈরি ব্যাগ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এর আগে ২০২০ সালের ২৮ ডিসেম্বর মোংলা ইপিজেডের একটি সুতার কারখানায় আগুন লাগে। ওই সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক দিন লেগেছিল।