টেকনাফে হাতের কবজি কেটে একজনকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা আশ্রয়শিবির
ফাইল ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির (ক্যাম্প-২৫) থেকে অপহৃত পাঁচজন রোহিঙ্গার মধ্যে এক কিশোরের হাতের কবজি কেটে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। অপহৃত বাকি চার রোহিঙ্গাকে পাহাড়ের আস্তানায় আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। তা না হলে ওই চারজনের পরিণতি ওই কিশোরের চেয়েও ভয়াবহ হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

কবজি বিচ্ছিন্ন হওয়া ওই কিশোরের নাম জাহাঙ্গীর আলম (১৬)। সে আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-২২–এর সামসু আলমের ছেলে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের বাঁ হাতের কবজি কেটে ফেলা হয়েছে, তাতে রক্তক্ষরণ হয়েছে বেশ। আঘাতে হাত থেঁতলে হয়ে গেছে। রাতে চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। আজ রোববার পরীক্ষা-নিরীক্ষা শেষে হাতের অস্ত্রোপচার করা হবে।

আজ রোববার ভোররাত পর্যন্ত টেকনাফের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত চার রোহিঙ্গার হদিস পায়নি পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে আলীখালী আশ্রয়শিবিরের ডি-২০ ব্লকে একটি দোকানের সামনে থেকে দুই কিশোরসহ পাঁচজন রোহিঙ্গাকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

আরও পড়ুন

অপহৃত ব্যক্তিরা হলেন আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-২২–এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ব্লকের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আবদুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

আশ্রয়শিবিরের ডি-২০ ব্লকের রোহিঙ্গা নেতা নুরুল আমিন বলেন, মুক্তিপণের জন্য সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিদের পরিবারে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে সন্ত্রাসীরা শনিবার রাতে অপহৃত রোহিঙ্গা জাহাঙ্গীরের বাঁ হাতের কবজি দা দিয়ে কেটে ফেলেছে। এরপর মুক্তিপণের জন্য জাহাঙ্গীরকে ছেড়ে দিয়েছে। মুক্তিপণ না দিলে অপহৃত চারজনের অবস্থা জাহাঙ্গীরের চেয়েও খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

রোহিঙ্গা নেতারা বলেন, গভীর রাতে মুমূর্ষু অবস্থায় জাহাঙ্গীরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তিপণ আদায়ের কৌশল হিসেবে হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় আশ্রয়শিবিরের সাধারণ রোহিঙ্গার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা নেতা জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে রোহিঙ্গা ছাড়াও কয়েকজন বাংলাদেশিও (হোয়াইক্যং ও হ্নীলা এলাকার বাসিন্দা) আছেন। মুক্তিপণের জন্য সন্ত্রাসীরা বাংলাদেশিদের পাশাপাশি রোহিঙ্গাদের অপহরণ করছে। দুর্গম পাহাড়ের যেখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, অপহরণের পরপর শুক্রবার রাতেই পুলিশ টেকনাফের পাহাড়ে অভিযান শুরু করে। রোববার ভোররাত পাঁচটা পর্যন্ত পুলিশ টেকনাফের পাঁচ-ছয়টি পাহাড়ে ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করে। কিন্তু অপহৃত ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে, তার সন্ধান পায়নি।

মুক্তিপণের জন্য জাহাঙ্গীর আলমের বাঁ হাতের কবজি কেটে নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি আবদুল হালিম বলেন, পুলিশি অভিযানের মুখে জাহাঙ্গীরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সন্ত্রাসীরা। মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশের জানা নেই।

রোহিঙ্গা নেতারা জানান, শুক্রবার রাতে আশ্রয়শিবিরের ডি-২০ ব্লকের রোহিঙ্গা রহিম উল্লাহর দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন অপহৃত রোহিঙ্গারা। রাত ৮টার দিকে মুখোশ পরা ১২-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের পাহাড়ের দিকে নিয়ে যায়। রোহিঙ্গা নেতারা তাৎক্ষণিকভাবে ঘটনার কথা এপিবিএন কর্মকর্তাদের জানালেও ততক্ষণে সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে।