রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পুনর্নির্মিত ম্যুরাল উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় পুনর্নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে মতিউরনগর প্রবেশমুখে ম্যুরালটির উদ্বোধন করা হয়ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় পুনর্নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে মতিউরনগরের প্রবেশমুখে ম্যুরালটির উদ্বোধন করা হয়।

ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী–৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন (বকুল)। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ। ম্যুরালটি নির্মাণ করেন ভাস্কর অলি মাহমুদ।

আরও পড়ুন

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা–সিলেট মহাসড়কে মতিউরনগরের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা–সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে ম্যুরালটি সড়কের মাঝখানে পড়ায় অপসারণ করা হয়। এক্সক্যাভেটর দিয়ে ম্যুরাল ভাঙা ও অপসারণের ভিডিও–ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এরপর আগের নকশা ও কাঠামো অনুসরণ করে ম্যুরালটি আরও বড় পরিসরে আবার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক নকশায় বাংলার ঈগল নামে ম্যুরালটি পুনর্নির্মাণ করা হয়।

বাংলার ঈগল ম্যুরালে এক পাশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি ও অন্য পাশে তাঁর জীবনবৃত্তান্ত রয়েছে। মাঝখানে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনিয়ে আনা টি–৩৩ যুদ্ধবিমানের হুবহু মডেল।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঢাকা–সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল অপসারণ করতে হয়েছিল, যাতে মহাসড়ক প্রশস্তকরণ নির্বিঘ্নে বাস্তবায়ন সম্ভব হয়। এটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবহেলার বিষয় ছিল না। ম্যুরালটি আগে ছিল ১৬ ফুট বাই ১৬ ফুট, এখন হয়েছে ৩০ ফুট বাই ৩০ ফুট। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ব্যবহৃত বিমানের একটি রেপ্লিকা সংযোজন করে আরও নান্দনিকভাবে নির্মাণ করা হয়েছে। এতে অনেক দূর থেকেও ম্যুরালটির সৌন্দর্য ধরা পড়বে এবং আরও ভালোভাবে দেখা যাবে।