ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ২৪ শিশু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৭২ শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ২৪৮ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭০ শিশু এবং মৃত্যু হয়েছে ৬ শিশুর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৫ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। আজ সকাল পর্যন্ত পরীক্ষায় পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬৮ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত সময়ের আগের ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে কারও মৃত্যু হয়নি।