শত শত পর্যটক সাজেকের রাস্তায় ঘুরে ও বারান্দায় বসে রাত কাটিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে কক্ষ না পেয়ে অনেক পর্যটক বারান্দা ও স্টোর রুমে শুয়ে-বসে রাত কাটিয়েছেন। অনেকে আবার পুরো রাত পার করেছেন রাস্তায় ঘোরাঘুরি করে। এর আগে বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড়ধসের ঘটনায় গতকাল বুধবার সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে কয়েক হাজার পর্যটক প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে রুইলুই পর্যটনকেন্দ্রে পৌঁছান। আবার অনেক পর্যটক সেখানে আটকা পড়লে রিসোর্ট-কটেজগুলোর ধারণক্ষমতার তুলনায় পর্যটকের সংখ্য বেশি হয়ে যায়।

তবে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন রাত অনেকেই উপভোগ করেছেন। কেউ কেউ আনন্দ-উৎসব করে রাত পার করেছেন বলে জানিয়েছেন। ঢাকার কমলাপুর থেকে আসা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ১৩ জন বন্ধু সাজেক টারেং রিসোর্টের বারান্দায় রাত কাটিয়েছি। সবাই মিলে গান করে রাতটি পার করেছি। একটু কষ্ট হয়েছে, তবে অনেক আনন্দ করেছি। সবাই মিলে এভাবে অনেক দিন আনন্দ করা হয়নি। তাই এই রাত আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টা থেকে দিবাগত রাত ১২টার মধ্যে বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়কের ওপর পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। পরের দিন গতকাল বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

রুইলুই পর্যটনকেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল বাঘাইহাট থেকে সকাল সাড়ে ১০টায় পর্যটকবাহী গাড়ির বহন রওনা দেওয়ার কথা থাকলেও সড়কে পাহাড়ধস হওয়ায় ওই গাড়িবহর ছাড়ে বেলা দুইটায়। পরে গাড়িবহরটি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাজেকে পৌঁছায়। সকালে রওনা দিলে দুপুর সাড়ে ১২টার মধ্যে গাড়িগুলো রুইলুই পর্যটনকেন্দ্রে পৌঁছানোর কথা ছিল। এতে অনেক পর্যটক দুই থেকে তিন ঘণ্টা সাজেকে ঘোরাফেরা করে বিকেলে আবার ফিরে আসতেন। তবে দেরিতে পৌঁছানোয় তাঁরা রাতে সাজেকে আটকা পড়েন।

টানা চার দিনের ছুটিতে সাজেকের কোনো রিসোর্ট-কটেজে খালি নেই। তারপরও মানুষ আসছেন। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবারও কোনো কক্ষ খালি নেই।
সুপর্ণ দেব বর্মণ, সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি

রুইলুই পর্যটনকেন্দ্রে একাধিক রিসোর্টের মালিক ও ব্যবস্থাপক বলেন, পর্যটকের অধিক চাপের কারণে ঠিক কতজন বারান্দায়, রাস্তা ও স্টোররুমে রাত কাটিয়েছেন, সেটার পরিসংখ্যান তাঁদের কাছে নেই। তবে অন্তত ৫০০ পর্যটক রিসোর্ট-কটেজে কক্ষ পাননি।

সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, শত শত মানুষ রাস্তায় ঘুরে ও বারান্দায় বসে রাত কাটিয়েছেন। তবে কেউ তেমন অভিযোগ করেননি। পর্যটকদের মধ্যে অনেকে বেশ মজা করেছেন। গভীর রাত পর্যন্ত গান-বাজনা ও মানুষের চলাফেরা দেখা গেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ প্রথম আলোকে বলেন, টানা চার দিনের ছুটিতে সাজেকের কোনো রিসোর্ট-কটেজে খালি নেই। তারপরও মানুষ আসছেন। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবারও কোনো কক্ষ খালি নেই। আজকের চেয়ে কাল বেশি চাপ বাড়বে।

আরও পড়ুন