টেকনাফের ১৪ ইয়াবা ব্যবসায়ী জরিমানা দিয়ে কারাগার থেকে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

দেড় বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর কক্সবাজার জেলা কারাগার থেকে জরিমানার ২০ হাজার টাকা করে দিয়ে বাড়ি ফিরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কক্সবাজারের টেকনাফের ১৪ জন ইয়াবা ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় তাঁরা জরিমানার টাকা দিয়ে মুক্ত হন।

আদালত সূত্র ও আইনজীবীরা বলেন, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও ইয়াবা বড়ি তুলে দিয়ে আত্মসমর্পণ করেন টেকনাফের ১০২ জন। তাঁরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এর মধ্যে এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তাঁদের মধ্যে ৯৩ জন আদালত থেকে বিভিন্ন সময়ে জামিন নিয়ে পলাতক রয়েছেন। রোববার মুক্তি পাওয়া ১৪ জন কারাগারে ছিলেন। এরই মধ্যে তাঁরা ১৮ মাসের বেশি কারাবন্দী ছিলেন।

আরও পড়ুন

কারামুক্ত ১৪ জন হলেন টেকনাফের বাসিন্দা নুরুল হুদা, আবদুর রহমান, ফরিদ আলম, মাহবুব আলম, রশিদ আহমেদ, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ হাশেম, আবু তৈয়ব, আলী নেওয়াজ, মোহাম্মদ আইয়ুব, কামাল হোসেন, নুরুল বশর ওরফে কালাভাই, আবদুল করিম ওরফে করিম মাঝি ও মো. সাকের মিয়া ওরফে সাকের মাঝি।

২৩ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায়ে ১০১ ইয়াবা গডফাদারকে মাদক মামলায় ১ বছর ৬ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। একই সময় আদালত অস্ত্র মামলা থেকে সব আসামিকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন মামলার ১৮ আসামি।

আরও পড়ুন

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাই আবদুস শুক্কুর, আবদুল আমিন, মো. ফয়সাল, শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমানসহ অন্তত ১২ নিকটাত্মীয়।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার (তত্ত্বাবধায়ক)  মো. শাহ আলম খান রোববার রাতে প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে সন্ধ্যায় কারাগার থেকে বাড়ি ফিরেছেন ১৪ জন। দণ্ডের তুলনায় হাজতবাসের সময় বেশি  হওয়ায় ১৪ আসামি জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান। অবশিষ্ট চার আসামির হাজতবাসের মেয়াদ দেড় বছর পার হয়েছে কি না, তা হিসাব করা হচ্ছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন