ধর্ষণচেষ্টার ঘটনার ৪৩ দিন পরও বিচার না হওয়ায় জাহাঙ্গীরনগরে নারী শিক্ষার্থীদের মশালমিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনার ৪৩ দিন পার হয়েছে। তবে এখনো বিচার হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশেও প্রশাসনের টালবাহানা ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মশালমিছিল করেছেন একদল নারী শিক্ষার্থী।

গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নারী নিরাপত্তা মঞ্চ’-এর ব্যানারে মশালমিছিলটি বের করেন নারী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তাঁরা দ্রুত বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানান।

সমাবেশে ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ঘটনার ৪৩ দিন পার হলেও অভিযুক্ত ব্যক্তির পরিচয় কিংবা তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়নি। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাঁচ দিনের মধ্যে প্রকাশের কথা থাকলেও এখনো তা প্রকাশ করা হয়নি। প্রশাসন নিজেই প্রক্টরিয়াল বডিকে আরও দায়িত্বশীল ও কার্যকর হওয়ার পরামর্শ দিয়েছে, যা তাদের ব্যর্থতারই স্বীকৃতি। ধর্ষণচেষ্টার ঘটনার পরও ক্যাম্পাসে একাধিক হয়রানির ঘটনা ঘটেছে। এগুলো অনিরাপদ ক্যাম্পাস ও ব্যর্থ প্রক্টরিয়াল বডির উদাহরণ। প্রক্টরিয়াল বডির জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন

গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন ভুক্তভোগী। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে। মামলাটি সম্প্রতি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।