গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় অধ্যক্ষ, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
গাজীপুরের সালনায় নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে কলেজের অধ্যক্ষ, আওয়ামী লীগের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান, তাঁর সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।
অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের পদত্যাগের দাবিতে গতকাল সকালে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা গাজীপুর সদর থানা-পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এ ঘটনার পর ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার বাদী হয়ে রাতে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা করেন। সেই মামলায় গতকাল রাতে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজের ব্যবস্থাপনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে গেলে তিনি কোনো সমাধান না করে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শিক্ষার্থীদের বেতন বকেয়া থাকলে তাঁকে সবার সামনে বকাঝকা করে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। কলেজে ঠিকমতো ক্লাসও হয় না বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এসব ঘটনার জেরে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।
গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ওই কলেজের সাবেক সভাপতি ফজলুর রহমান, সালনা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগের নেতা মতিউর রহমান ১০ থেকে ১২ জন বহিরাগত ব্যক্তিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ডেকে আনেন। শিক্ষার্থীদের দাবি, নাজমা নাসরিন ওই ছাত্রীকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও চরথাপ্পড় মারেন। কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হাসিবুল ঘটনাটি দেখে প্রতিবাদ জানান। এ সময় অধ্যক্ষের কক্ষে থাকা বহিরাগত ব্যক্তিরা হাসিবুলকে মারধর করেন।
ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে অধ্যক্ষসহ আওয়ামী লীগের নেতা ও বহিরাগত ব্যক্তিরা অবরুদ্ধ হয়ে পড়েন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা কলেজের পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর সদর থানা-পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরুদ্ধ করে রাখা দুই আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে থানা হেফাজতে নিয়ে গেলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।