ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন (বাঁয়ে) ও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

এই আসনে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপনির্বাচনে অংশ নিতে বিএনপির দুই প্রার্থী ছাড়া আরও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা; চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।

এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে এই আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হয়। জেলা বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ দুজনই রিটার্নিং কর্মকর্তার কাছে দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সাধারণত কোনো দল একজনকে প্রার্থী করে থাকে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁদের দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

কামরুল ইসলাম আরও বলেন, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী কে হবেন, তা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই জানা যাবে। ওই সময়ের আগেই নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে মনোনয়নের চূড়ান্ত তালিকা পাঠানো হবে। তখন সেই তালিকার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন