হরিরামপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মুখোমুখি, সংঘর্ষের আশঙ্কা

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী ও দলের স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মুখোমুখি অবস্থান। আজ বেলা দুইটার দিকে হরিরামপুর উপজেলা সদরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী এবং একই দলের স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হরিরামপুর উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

অপ্রীতিকর ঘটনা রোধে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম উপস্থিত আছেন। বিকেল পৌনে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই প্রার্থীর অনুসারীরা তাঁদের নির্বাচনী ক্যাম্পের সামনে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং প্রার্থীদের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিঙ্গাইর ও সদরের একাংশ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের অনুসারী এবং দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। গতকাল রোববার বিকেলে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে এই দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর তিন অনুসারী আহত হন। ঘটনার পর গতকাল সন্ধ্যায় দুই প্রার্থীর কর্মী ও সমর্থকেরা উপজেলা চত্বরে অবস্থান নেন। তাঁরা পৃথক বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন

আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করে দেখা গেছে, উপজেলা সদরে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প এবং দলের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পাশাপাশি। দুই ক্যাম্পের সামনে দুই প্রার্থীর অনুসারীরা অবস্থান নিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন। মাঝেমধ্যে দুই প্রার্থীর অনুসারীরা পৃথক পৃথক শোডাউন ও মিছিল করছেন। এতে দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন জানান, দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পাশাপাশি হওয়ায় আরও বেশি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদের অনুসারী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী প্রচার–প্রচারণা চালাচ্ছি। নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিনা উসকানিতে গতকাল আমাদের কর্মীদের মারধর করেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সহাবস্থানে থেকে কাজ করতে চাই।’

তবে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন উসকানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন তাঁরা।
পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে বলে জানান হরিরামপুর থানার ওসি শাহ নুর-এ আলম। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, নির্বাচনী বিধি মেনে উভয় পক্ষকে প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। অপ্রীতিকর কোনো পরিস্থিতির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।