হিরো আলমের পর এবার ভোট কারচুপির অভিযোগ জাকের পার্টির দুই প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-৪ ও বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনের ফলাফল প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন জাকের পার্টির দুই প্রার্থী। রোববার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বগুড়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের পর এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন অপর দুই প্রার্থী। তাঁরা হলেন গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক ও আবদুর রশিদ সরদার। এ উপনির্বাচনে তাঁরা দুজনেই জামানত হারিয়েছেন।

রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দুই প্রার্থী ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন। তাঁদের অভিযোগ, ইভিএমের মাধ্যমে কারচুপি করে গোলাপ ফুল প্রতীকে ভোট কম দেখানো হয়েছে।

১ ফেব্রুয়ারি বগুড়ার দুই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪১৭ ভোট এবং সাধারণ সম্পাদক আবদুর রশিদ সরদার বগুড়া-৪ আসনে ৪ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া-৬ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিন শফিক। এ সময় বগুড়া-৪ আসনের জাকের পার্টির প্রার্থী আবদুর রশিদ সরদার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ ফয়সাল বিন শফিক আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যালট পেপারে ভোট গ্রহণ ও সর্বাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি বা ই-ভোটিং ব্যবস্থা চালুর জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।

ফয়সাল বিন শফিক আরও বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে জাকের পার্টির নেতা-কর্মীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। জাকের পার্টির বিপুলসংখ্যক নেতা-কর্মী ছাড়াও অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁরা গোলাপ ফুল প্রতীকে ভোট দিতে উন্মুখ ছিলেন। কিন্তু ইভিএমে কারচুপির কারণে তাঁদের ভোট গোলাপ ফুল প্রতীকে পড়েনি।

আরও পড়ুন

বগুড়া-৬ আসনের এই প্রার্থী আরও বলেন, ভোট গ্রহণের দিন অনেক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোটাররা অভিযোগ করেন, পছন্দের প্রতীকে ভোট প্রদানের জন্য ইভিএমের নির্দিষ্ট বাটন চাপলেও ভোট চলে যাচ্ছে অন্য প্রতীকে। ইভিএমে কারচুপি করেই বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে জাকের পার্টির দুই প্রার্থীর ভোট খুবই কম দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান দাবি করেন, তাঁরা দলগতভাবে ইভিএমে ভোট গ্রহণের বিপক্ষে। ইতিপূর্বে জাকের পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে ইভিএম নিয়ে আপত্তি এবং ইভিএমের বদলে ই-ভোটিং পদ্ধতি চালুর দাবি তুলে ধরেছেন।

আরও পড়ুন

এর আগে ভোটের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী হিরো আলম সংবাদ সম্মেলন ডেকে বগুড়া-৪ আসনে ভোট কারচুপির মাধ্যমে ফল পাল্টানোর অভিযোগ তোলেন। ওই আসনে তিনি ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান।

হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বগুড়া-৪ আসনের উপনির্বাচনের কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি ও ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনা চেয়ে আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন হিরো আলম।