হাঁটুপানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবি জানালেন বিএম কলেজের শিক্ষার্থীরা
তিন দিনের ভারী বৃষ্টিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাস পানিতে তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার তেমন বৃষ্টি না হলেও পানি নামছে না। এতে ভোগান্তিতে পড়েছেন কলেজের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা আজ সকালে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
আজ বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই ব্রজমোহন কলেজের পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সমস্যা এখন অসহনীয় হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হলেই সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-শিক্ষক-কর্মচারীরা।
তাঁরা বলেন, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এ অবস্থার কারণে। কেননা, একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটুসমান পানি পাড়ি দিয়ে তাঁদের যাতায়াত করতে হয়। কলেজে ঢুকতে ও বের হতে হয় পানি মাড়িয়ে। ভেজা কাপড়ে ক্লাস করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। দুই দিন আগে ভারী বর্ষণ হয়েছে। কিন্তু এখনো কলেজ ক্যাম্পাসের অধিকাংশ এলাকা হাঁটুপানিতে নিমজ্জিত। এতে যেমন শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হচ্ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত। অথচ এখন প্রতিদিন অসংখ্য মানুষ বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এদিকে কলেজ কর্তৃপক্ষের কোনো নজর নেই।
বক্তারা আরও বলেন, শুধু ব্রজমোহন কলেজ নয়, জলাবদ্ধতা এখন পুরো বরিশালের সমস্যা। বরিশাল নগর এখন জলাবদ্ধতার নগরে পরিণত হয়েছে। শহরে কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। খাল ও জলাশয়গুলো দখল ও ভরাট করে ফেলায় পানি নামতে পারছে না। একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে পুরো শহর। এ অবস্থায় খালগুলোকে উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনে টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিএম কলেজের অভ্যন্তরীণ পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানানো হয়।
বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার বুধবার বিকেলে বলেন, ‘এমনিতেই আমাদের কলেজ ক্যাম্পাস এলাকাটি নিচু। তারওপরে জোয়ারের পানি ঢুকে পড়ে। তাই বৃষ্টি হলেও জোয়ারের পানির চাপে পানি নামতে পারে না। এই অবস্থা দীর্ঘদিনের। এটা নিরসনে আমরা একটি প্রকল্প শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জমা দিয়েছি। কিন্তু দীর্ঘদিন হলেও তা অনুমোদন হয়নি। আর আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল দিয়ে এত বড় প্রকল্প বাস্তবায়নের সামর্থ্য নেই।’