পিরোজপুরে যুবলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রামে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে তাজউদ্দিন আহমেদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে স্থানীয় থানায় মামলাটি করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত তিনটার দিকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল দোতলা বাড়ির নিচতলার রান্নাঘরের খোলা জানালা দিয়ে দরজার ছিটকিনি খুলে। এরপর ঘরের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে তাজউদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যদের জিম্মি করে ৭৫ হাজার টাকা, ১ লাখ ১৬ হাজার টাকার দুটি মুঠোফোন ও ৫ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমানসহ র‍্যাব ও পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, যুবলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গত ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তাজউদ্দিন আহমেদ ঢাকা থেকে পিরোজপুর যান। এরপর সম্মেলন শেষে তিনি মঠবাড়িয়ার গ্রামের বাড়িতে যান। এর পর থেকে তিনি বাড়িতে আছেন।