মেলা দেখতে বের হয়েছিলেন তাঁরা তিনজন, ছোট্ট পরিবারটিতে রইল না আর কেউ

মেয়ে ওয়াসিফা জান্নাতের জন্মদিনে রেশমী আক্তার ও তাঁর স্বামী মো. দেলোয়ার। ছোট্ট পরিবারটিতে আর কেউ বেঁচে রইল নাছবি: পরিবারের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছিলেন রেশমী আক্তার (২৫)। বাড়ি থেকে বের হয়ে উঠেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশায়। গলি পেরিয়ে মহাসড়কে উঠতেই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বামী মো. দেলোয়ার (৩১)। এরপর হাসপাতালে নেওয়ার পর নিহত হয় তাঁর দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত। ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হলো রেশমীরও।

রেশমী আক্তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে গতকাল বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমী ও দেলোয়ারের বিয়ে হয় ২০২৩ সালের শুরুতে। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। চলতি বছরের ২৩ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার হোসেন ও মেয়েকে নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় গুরুতর আহত রেশমীকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়েকে নিয়ে কক্সবাজারের সৈকতে রেশমী ও দেলোয়ার
ছবি: পরিবারের সৌজন্যে
আরও পড়ুন

রেশমি আক্তারের শ্বশুর আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার দিন রাতে মোবাইলে কল দিয়ে একজন প্রথমে দুর্ঘটনার বিষয়টা জানায়। বলেছিল আমার ছেলে মারা গেছে। আমরা সেখানে ছুটে যাচ্ছিলাম। ২০ মিনিট পর আবার ফোন এল। এবার বলল, আমার নাতনিটাও আর বেঁচে নেই। বউমাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেবেছিলাম তাকে অন্তত বাঁচাতে পারব। সেও আমাদের ছেড়ে চলে গেল। এভাবে ছেলে, নাতনি ও বউমাকে ফেলে আমরা কীভাবে থাকব।’

আরও পড়ুন
মায়ের কোলে ওয়াসিফা জান্নাত
ছবি: পরিবারের সৌজন্যে

কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একটি দুর্ঘটনায় একই পরিবারের তিনটি প্রাণ ঝরে গেল। প্রথমে স্বামী, এরপর দেড় বছর বয়সী শিশুকন্যা, আর গতকাল রেশমীও আমাদের ছেড়ে চলে গেলেন। এমন হৃদয়বিদারক ঘটনা এই এলাকায় আমরা কখনো দেখিনি। স্বামী ও সন্তানকে হারিয়ে রেশমী বেঁচে থাকার জন্য অনেক দিন লড়াই করেছেন। শ্বশুরবাড়ির লোকজন অনেক টাকা খরচ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো গেল না। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’