‘ওই পুলাই আমার একমাত্র সম্বল, এহন কথা কয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

‘আমগোরে কেউ নাই, উপরে আল্লাহ আর নিচে ওই পুলাডা। ওই পুলাই আমার একমাত্র সম্বল। পুলাডার অবস্থা ভালো না। এহন কথা কয় না। গলা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়নি। আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর একজনও নাই। স্বামী থেকেও নাই। এই পুলাডার অটো চালিয়ে যা পাইত, তা–ই আমার হাতে দিত। আমার পুলাডা অনেক ভালো পুলা। আল্লাহ পুলাডারে আমার বুকে রাইখা যাও।’

হাসপাতালের বিছানায় একমাত্র ছেলেকে সংকটাপন্ন অবস্থায় দেখে আহাজারি করে এসব বলছিলেন মা আল্পনা বেগম।

গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আরিফ মিয়া (১৫) নামের ব্যাটারিচালিত অটোরিকশার (মালামাল বহনকারী ইজিবাইক) এক চালকের গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকা স্বজনেরা জানিয়েছেন, আরিফের শ্বাসনালি ও খাদ্যনালি কেটে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন।

আহত আরিফ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তী গ্রামের আল্পনা বেগমের ছেলে। তার বাবা জবর আলী অনেক আগেই আরেকটি বিয়ে করে অন্য জায়গায় থাকেন। স্ত্রী-সন্তানের খোঁজখবর রাখেন না। আরিফ অটোরিকশা চালিয়ে যা রোজগার করে, সেই টাকায় তাদের সংসার চলে। এর আগেও আরিফের একটি অটোরিকশা ছিনতাই হয়েছিল। এবারের মালামাল বহনকারী অটোরিকশাটি ভাড়ায় নিয়ে চালাচ্ছিল আরিফ। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাগমারীপাড়া-পুরাতন টুপকারচর সড়কের ভূতবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

আল্পনা বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আমার পুলাডা এলাকার একজন ভালো মানুষ। বিড়ি-সিগারেট পর্যন্ত খায় না। মোবাইলও চালায় না। খুব শান্ত আমার পুলা। ও–ই ছোটবেলা থেকে কামাই করে সংসার চালায়। অটো চালিয়ে যা পায়, তা–ই আমার হাতে তুলে দেয়। পুলাডার অবস্থা খুব খারাপ। একটি কথাও বলতে পারে না। এহন আমার কী হবে? পুলাডা ছোট্ট থাকতেই ওর বাবা আরেকটা বিয়ে করছে। কখনো খোঁজখবরও নেয়নি। এই পুলাডাই আমারে বাঁচায়ে রাখছে। আর আমার এই ভালা পুলাডার গলা কাইটা দিল।’

ছিনতাই হওয়া অটোরিকশার মালিক জামিনুল ইসলাম আরিফের সঙ্গে হাসপাতালে আছেন। তিনি বলেন, ‘তাঁরা মা-ছেলে খুব দরিদ্র। বহু কষ্টে আরিফ এক বছর আগে একটি অটোরিকশা কিনছিল। চার দিনের মাথায় ওই অটোরিকশাও ছিনতাই হয়। আমার অটোরিকশা ভেঙে, মালামাল বহন করার জন্যে ভ্যানের মতো তৈরি করা হয়েছে। এবার আবারও একইভাবে অটোরিকশাটি ছিনতাই হলো। দুর্বৃত্তরা যদি অটোরিকশাটিই নিয়ে যেত, মনটাকে বোঝাতে পারতাম। ছেলেটারে এমনভাবে গলা কাটছে, মনে হচ্ছে না ছেলেটা বাঁচবে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘আরিফের কাছে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিল কি না, বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ওই নির্জন এলাকায় সে কেন এবং কীভাবে গেল, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ওই এলাকায় মানুষের যাতায়াত খুবই কম, পাশেই একটি পরিত্যক্ত ভবন আছে। সেখানে মাদকসেবীরা আড্ডা দেয়। সেখানে আরিফ কীভাবে গেল? তাই পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি।’

আরও পড়ুন