ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ২২ শিশু

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তিছবি: প্রথম আলো ফাইল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে মোট ৭৮টি শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২২টি শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ২৯৮টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২১৩ জন এবং মৃত্যু হয়েছে ৭টি শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৪ শিশু।

আরও পড়ুন

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। আজ সকাল পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭০টি শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন ২২টি শিশু ভর্তি হয়েছে। এ সময়ে কোনো মৃত্যু হয়নি।

আরও পড়ুন