সাবিনা ও তাঁর মাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তাঁর মা মমতাজ বেগমকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির সাবিনার পরিবারের পাশে থাকার কথা ব্যক্ত করেন। এ সময় সাবিনাকে জেলা প্রশাসন ও সংসদ সদস্য এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেন।
অনুষ্ঠানের সাবিনা ও তাঁর মাকে ফুল, ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সাবিনার বড় বোন সালমা খাতুন ও সেজ বোন হালিমা উপস্থিত ছিলেন।
সাবিনা খাতুন বলেন, ‘আমার সাবিনা হওয়ার জন্য যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আমি যেন আমৃত্যু তাঁদের ভুলে না যাই। যেন তাঁদের সম্মান দিতে পারি। সাতক্ষীরায় জন্ম নিয়ে আমি গর্বিত।’
এ সময় কোচ আকবার আলীকে স্মরণ করে সাবিনা বলেন, ‘তিনিই আমাকে ঘর থেকে বের করে খেলার মাঠে নিয়ে গেছেন। মেয়েদের ফুটবল অনুশীলনের সময় আমাকে নানা প্রতিবন্ধিতার সম্মুখীন হতে হয়েছে। যেদিন থেকে জাতীয় দলে খেলছি, সেখান থেকেই সাফজয়ী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল। প্রত্যাশা ছিল সাফ ফুটবল কাপ দেশকে উপহার দেওয়ার। আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন দেশকে আরও সম্মানিত করতে পারি।’
আগের চেয়ে এখন মেয়েদের ফুটবল খেলাসহ অন্য খেলার জন্য পরিবেশ অনেকটা ভালো হয়েছে উল্লেখ করে সাবিনা বলেন, ধনী ঘরের মেয়েরা ফুটবল খেলায় আসছে না। যারা আসছে, সবাই নিম্নবিত্ত ঘরের সন্তান। তাদের আর্থিক সচ্ছলতা নেই কারও। অনুশীলনের জন্য পরিবেশ, বিশেষ করে মেয়েদের জন্য জেলায় জেলায় আলাদা মাঠ দরকার। তাহলে বাবা-মায়েরা তাঁদের সন্তানদের নিরাপত্তাহীনতায় ভুগবেন না। মেয়েরাও স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারবে। খেলাধুলার জন্য অনুশীলন ও প্রশিক্ষণের বিকল্প নেই। নারী ফুটবল একাডেমি তৈরি করতে হবে।
সাবিনার মা মমতাজ বেগম বলেন, ‘সাবিনা এখন শুধু আমার মেয়ে নয়, সাতক্ষীরার মেয়ে, বাংলাদেশের মেয়ে। আমি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চাই সাবিনা যেন বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারে।’
জেলা প্রশাসক হুমায়ন কবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান, ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তাজুল ইসলাম, প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহেনা পারভিন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা প্রমুখ।
মীর মোস্তাক আহমেদ বলেন, সাবিনা শুধু সাতক্ষীরার জন্য নয়, দেশের জন্য এক বিরল সম্মান বয়ে আনতে নেতৃত্ব দিয়েছেন। সাতক্ষীরার মানুষ তাঁর জন্য গর্বিত। সাতক্ষীরাবাসী সাবিনা ও সাবিনার পরিবারে পাশে আছে ও থাকবে। তাঁর যেসব সমস্যা আছে, তা দেখা হবে।
জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে ৩০ একর জমির ওপর ক্রীড়া কমপ্লেক্সের অনুমোদন করা হয়েছে। জাতীয় দলের ডিফেন্ডার মাসুরা পারভিন বাড়ি এলে তাঁকেও এভাবে সংবর্ধনা দেওয়া হবে।