বাউফলে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে একটি কেন্দ্র থেকে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে গতকাল রাতেই নয়জন ও আজ বুধবার দুপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. ইউনুচ (৩০), জহিরুল ইসলাম (৪২), জাহিদুল ইসলাম (১৯), আনিচুর রহমান মুন্সি (৪৫), সজিব হাওলাদার (২২), সিজান মাহমুদ (১৯), আরিফুর রহমান (২৫), আনোয়ার মোল্লা (৩৮), জুয়েল চৌকিদার (২৭) ও হাফিজুর রহমান (৬২)। তাঁরা সবাই ওই ইউনিয়নের নাজিরপুর ও ছোট ডালিমা গ্রামের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সারা দিন উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে পরিদর্শক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিকেল সোয়া পাঁচটার দিকে ফিরে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ফারুকের সমর্থিত কর্মী অহিদুজ্জামান ওরফে দুলাল আকন (৪০) ও তাঁর ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন আকনের (৩৭) নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দিপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজীব আহত হন। তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ নিয়ে গতকাল প্রথম আলো অনলাইনে ‘বাউফলে ইউপির উপনির্বাচন শেষে পুলিশের ওপর হামলা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।