বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা নাহিদ হাসান
ছবি: সংগৃহীত

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদ (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাত আটটার দিকে বগুড়া শহর থেকে র‍্যাব সদর দপ্তরের (ইন্টেলিজেন্স উইং) সহযোগিতায় র‍্যাব-১২-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইমন (২৮)। তিনি বগুড়া শহরের মালগ্রাম কসাইপাড়া এলাকার মো. হেলালের ছেলে। তিনি নাহিদ আহমেদ হত্যা মামলার ৯ নম্বর আসামি। আজ বৃহস্পতিবার ইমনকে বগুড়া সদর থানায় সোপর্দ করার কথা আছে।

গত মঙ্গলবার রাত আটটার দিকে বগুড়া শহরের মালগাম ডাবতলা এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর নাহিদ হাসানের বাবা ঝন্টু ব্যাপারী বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করে মামলা করেন। নাহিদ হত্যার কারণ হিসেবে আসামিদের সঙ্গে ‘পূর্বশত্রুতা’র কথা উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

আরও পড়ুন

এলাকাবাসী জানান, নাহিদ বছর দুয়েক আগে একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটে চাকরি করতেন। তাঁর বাবা ঝন্টু ব্যাপারী মাছ ব্যবসায়ী। রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিলেন না নাহিদ। তবে বছর দুয়েক আগে হঠাৎ স্বেচ্ছাসেবক লীগের জেলার নেতাদের সঙ্গে ওঠাবসা শুরু হয় তাঁর। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমানের ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন তিনি।

নাহিদ হাসানের একজন বন্ধু প্রথম আলোকে বলেন, মালগ্রাম এলাকায় ইট-বালু সরবরাহের নিয়ন্ত্রণ ছাড়াও শহরের রেলওয়ে হকার্স মার্কেটে চাঁদাবাজির নিয়ন্ত্রণ এবং সুদের কারবারের পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন নাহিদ হাসান। ‘পথের কাঁটা’ সরিয়ে দিতে প্রতিপক্ষের ব্যক্তিরা নাহিদকে হত্যার পরিকল্পনা করে।

বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক হরিদাস মণ্ডল বলেন, মামলায় ‘পূর্বশত্রুতার জের’ উল্লেখ করা হলেও প্রাথমিক তদন্তে হকার্স মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ, মালগ্রাম এলাকায় ইট-বালু ব্যবসার নিয়ন্ত্রণ, সুদের কারবারসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের বিষয়টি উঠে এসেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

র‍্যাব-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর অধিনায়ক মীর মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডের পরপরই র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। পরে র‌্যাব সদর দপ্তরের (ইন্টেলিজেন্স উইং) সহযোগিতায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।