অতীত গোপন করা ও মিথ্যা বলার জন্য ক্ষমা চাইলেন সেই সোহেল
ময়মনসিংহের ত্রিশালের শারীরিক প্রতিবন্ধী রওশন আক্তার প্রায় ১৫ বছর ধরে স্বামী সোহেল মিয়ার পিঠে চড়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এই দম্পতিকে নিয়ে সম্প্রতি প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ ও প্রচার করে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নজরে এসেছে। তবে সংবাদ প্রকাশের পর জানা গেছে, সোহেল মিয়া আগের বিয়ে ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপন করেছেন ও মিথ্যা কথা বলেছেন।
শুক্রবার রাতে মুঠোফোনে কথা হয় সোহেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, আগের সংসারের বউ–বাচ্চারা চাইতেন না তিনি তাঁদের পরিচয় দেন। তাই তথ্য গোপন করেছেন। আর শিক্ষাগত যোগ্যতার কথা মিথ্যা বলাটা তাঁর ভুল হয়েছে। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
সোহেল মিয়ার আসল নাম মোখলেছুর রহমান (বকুল)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আগের সংসারে স্ত্রী ছাড়াও তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
সোহেল মিয়ার আগের সংসারের বড় ছেলে মো. শিহাব উদ্দিন শুক্রবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২০০৪ বা ২০০৫ সালের দিকে কাজের কথা বলে ঢাকায় গিয়ে মোখলেছুর রহমান নিখোঁজ হন। তাঁদের পক্ষে তাঁকে খুঁজে বের করার সামর্থ্য ছিল না। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় আসা ছবি ও ভিডিও দেখে সোহেল মিয়াকে চিনতে পারেন।
সোহেল মিয়া দাবি করেছিলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন। তবে শিহাব উদ্দিন জানান, সোহেল মিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।
শিহাব উদ্দিন জানান, তিনি একটি চায়ের দোকান চালিয়ে মা ও ভাইবোনদের দেখছেন। বোনের বিয়ে দিয়েছেন। নিজেও বিয়ে করেছেন। এক ভাই অন্যের দোকানে কাজ করেন। আরেক ভাই পড়াশোনা করছেন।
শিহাব উদ্দিন বললেন, ‘আমরা সোহেল মিয়া বা মোখলেছুর রহমানের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব না। তবে আমরা চাই, সত্যটা সবাই জানুক। আর এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী রওশনের তো কোনো দোষ নেই। তিনি আমাদের কথা জানলেও তাঁর তো আর করার কিছু নেই।’
সোহেল–রওশন দম্পতির ভালোবাসা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আসা খবর প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নজরে এসেছে। সেখান থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এই দম্পতির চাহিদা বা প্রয়োজনগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাবেন বলে সোহেল-রওশন দম্পতির বাড়ি ঘুরে এসেছেন।
ছয় বছর বয়সে টাইফয়েড জ্বরে ত্রিশালের রওশন আক্তারের দুই হাঁটুর নিচ থেকে অবশ হয়ে যায়। তখন থেকেই হাঁটাচলা প্রায় বন্ধ তাঁর। দুই হাতে স্যান্ডেল পরে হামাগুড়ি দিয়ে কিছুটা চলতে পারেন।
রওশন আক্তারের এক স্বজন প্রথম আলোকে বলেন, ‘আমরাও এখন শুনছি, সোহেল মিয়া আগে বিয়ে করেছিলেন। তবে প্রায় ১৫ বছর ধরে তিনি রওশনকে যেভাবে আগলে রেখেছেন, তা–ও তো মিথ্যা নয়।’
১৫ ফেব্রুয়ারি প্রথম আলো অনলাইনে ‘স্বামীরে শুধু বলি নিয়া যাবা, স্বামীও সঙ্গে সঙ্গে পিঠে নিয়ে রওনা দেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।