অদম্য ইসরাতের পড়াশোনার দায়িত্ব নিলেন বিশ্ববিদ্যালয়শিক্ষক শফিকুল
পটুয়াখালীর বাউফলে অভাব-অনটনের কারণে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়া মোছাম্মৎ ইসরাত জাহানের (১৫) দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয়শিক্ষক। তিনি ইসরাতের শিক্ষা ও ব্যক্তিজীবনের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছেন।
বাউফলের কালাইয়া গ্রামের শ্রমিক মো. লিটন মিয়ার (৪০) মেয়ে ইসরাত জাহান। তিন ভাইবোনের মধ্যে সবার বড় সে। ইসরাত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। এসএসসি পরীক্ষাতে জিপিএ-৫ পেলেও অভাব-অনটনের কারণে তার শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ নিয়ে আজ শনিবার (২৯ জানুয়ারি) প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘অভাবে থেমে যাচ্ছে জিপিএ-৫ পাওয়া ইসরাতের পড়াশোনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ইসরাতের পড়াশোনার ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়া শফিকুল বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান। তাঁর বাড়ি উপজেলার মধ্য মদনপুরা গ্রামে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর স্ত্রী জাকিয়া ফারহানা পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় রেজিষ্ট্রার পদে কর্মরত। তিন পুত্রসন্তান রয়েছে তাঁদের সংসারে।
শফিকুল বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি আমার নজরে পড়েছে। আমি ব্যথিত হয়েছি। আমার সন্তান মনে করেই ইসরাতের শিক্ষা ও ব্যক্তিজীবনের যাবতীয় ব্যয়ভার বহন করব। ইসরাতের বাবা এতে অনুমতি দিয়েছেন।’
মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসরাতের বাবা লিটন মিয়া কেঁদে ফেলেন। তিনি বলেন, অভাবের সংসারে তিন বেলা খাবার খেতেই কষ্ট হয়। এরপর পড়াশোনা চালানো খুবই কষ্ট। তাই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ছিল তাঁর। শফিকুল ভাই দায়িত্ব নেওয়ায় এখন আর বিয়ে দেবেন না।
এমন খবর শুনে ইসরাত খুবই আনন্দিত। তিনি বলেন, ‘আমি ভালোভাবে পড়াশুনা করব। আমার বিশ্বাস, আমি একদিন চিকিৎসক হতে পারব।’
উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে ইসরাত জিপিএ-৫ পেয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শফিকুল ভাই একজন ভালো মানুষ। তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। তাঁর জন্য দোয়া রইল।’