‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে সিন্ডিকেট সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
'অবৈধ' নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবা রাত সাড়ে আটটার দিকে রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহা এই ঘোষণা দেন।
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বাধার মুখে সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহা।

রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, গতকাল সোমবার সভায় ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা বলেছিলেন তাঁরা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে বাধা দেবেন না। যদি তাঁরা গতকালকে বলতেন যে সিন্ডিকেট সভা করা যাবে না, সে ক্ষেত্রে আজকে হয়তো সভা আহ্বানই করা হতো না। তাঁরা আজকে যে দাবিটা করেছেন, তা পূরণ করা তাঁর একার পক্ষে সম্ভব নয়। এটার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, সরকার রয়েছেন। তাঁদের সিদ্ধান্ত যে পর্যন্ত পরিবর্তন না করে তাঁকে বলবে, ততক্ষণ এ বিষয়ে তাঁর পক্ষে কিছুই করা সম্ভব নয়।

রুটিন উপাচার্য আরও বলেন, ‘তাঁদের (‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা) কিছু অ্যাজেন্ডা ছিল। কিন্তু তারা কী জন্য অবস্থান নিয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। তবে তাঁদের বিষয়ে সিন্ডিকেটে কোনো অ্যাজেন্ডা ছিল না।’

সিন্ডিকেট সদস্যদের হুমকি
সিন্ডিকেট সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রুটিন উপাচার্য আনন্দ কুমার সাহা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কোষাধ্যক্ষ ও সহ-উপাচার্যের বাসায় কয়েকটি মোটরসাইকেলে লোকজন গিয়ে সিন্ডিকেটের সভায়  অংশ না নিতে হুমকি দিয়েছে। কোষাধ্যক্ষ আমাকে নিজে বিষয়টি জানিয়েছেন। আর সহ-উপাচার্যের পরিবার বিষয়টি আমাকে জানিয়েছেন।’ পরবর্তী সিন্ডিকেট সভা কবে হবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।

এ বিষয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আতিকুর রহমান নামের একজন বলেন, তাঁরা সিন্ডিকেটের সভার স্থগিত খবর শুনেছেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁরা এখান থেকে চলে যাবেন। তবে তাঁরা বিশ্ববিদ্যালয়ে কোনো গুরুত্বপূর্ণ সভা করতে দেবেন না। কোষাধ্যক্ষ ও সহ–উপাচার্যকে হুমকি দেওয়ার বিষয়টি তাঁরা অস্বীকার করেছেন।

আন্দোলনকারীরা বিভক্ত
মঙ্গলবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের মধ্যে সবাই ছিলেন না। আন্দোলন নিয়ে তাঁদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘গতকাল সোমবারের সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় নেতারা তিন দিনের সময় নিয়েছেন। আমরা একটি অংশ তাই এই আন্দোলনের সঙ্গে নেই। আমরা কর্তৃপক্ষের ওপর আস্থা রাখছি এখনো।’

তবে এ বিষয়ে মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আতিকুর রহমান বলেন, তাঁরা মনে করেন সবাই এই আন্দোলনে একত্রেই আছেন। একটা অংশ হয়তো আজকে কোনো কারণে বসতে পারেনি। তাঁদের মধ্যে কোনো বিভক্তি নেই।

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। বিষয়টি জানার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করার এক দিন পরই আন্দোলনে নামেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসংলগ্ন উপাচার্যের বাসভবনের সামনে তাঁরা অবস্থান নেন। তাঁদের বাধার মুখে রাত সাড়ে আটটার দিকে রুটিন উপাচার্য ওই সভা স্থগিত ঘোষণা করেন।

আরও পড়ুন