অভাবে পইড়া সন্তানডারে বেইচ্চা অমানুষের কাম করছিলাম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের মো. আলমের স্ত্রী তামান্না আক্তার (২৮) প্রসববেদনা নিয়ে সম্প্রতি ভর্তি হন ওই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। হাসপাতালের ২৭ হাজার টাকার বিল শোধ করতে না পারায় বাড়ি ফিরতে পারছিলেন না তিনি। হাসপাতালের পাওনা মেটাতে নিজের সদ্যজাত সন্তানকে এক নারীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিজের কোলে ফিরে পান সন্তানকে। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে মা তামান্না আক্তারের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের সহযোগিতায় মায়ের কোলে ফিরল নবজাতক আব্রাহান। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: কী কারণে নিজের সন্তানকে বিক্রি করে দিলেন?

তামান্না আক্তার: কোনো মা-ই চান না সন্তানরে হাতছাড়া করতে। সন্তান অইল একজন মায়ের বুকের ধন। একেবারে উপায় না দেইক্কা, হাসপাতালের পাওনা শোধ দেওনের লইগাই পোলাডারে বেইচা দিছিলাম।

প্রশ্ন :

প্রথম আলো: এখন তো সন্তান ফিরে পেলেন। কেমন লাগছে?

তামান্না আক্তার: সন্তান ফিরা পাইয়া আমি খুশি। মহাখুশি। ওরে (আব্রাহান) বেচনের পর বুকটা খালি খালি লাগছিল। বুক ফাইট্টা কান্না আইত। মনের ভেতরডা যন্ত্রণায় ছটফট করত। ওর লইগা কানতাম। আর ভাবতাম, অভাবে পইড়া মা অইয়াও আইজ নিজের সন্তানডারে বেইচ্চা দিলাম। অমানুষের মতোই কাম করছিলাম। ওরে ফিরা পাইয়া আমার কী যে ভালা লাগতাছে, তা বুঝাইতে পারুম না। বুকটাও ভরাট লাগতাছে। তয়, প্রশাসনের লোকেগো ধন্যবাদ জানাই। শুকরিয়া ওপরওয়ালার কাছে।

প্রশ্ন :

প্রথম আলো: হাসপাতালের লোকেরা কি বিল পরিশোধের জন্য আপনাকে বেশি চাপ দিয়েছিল?

তামান্না আক্তার: এ বিষয়ে কথা বাড়াইয়া লাভ নাই। যা বলনের আগেই বলছি। রিলিজের সুম কোনো হাসপাতালই বিল শোধ ছাড়া রোগীগো বিদায় দেয় না। আমারেও দেয় নাই। টেয়া দেওনের পরেই রিলিজ দিছে।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: আপনার স্বামী কি সন্তান বিক্রির বিষয়টি জানতেন?

তামান্না আক্তার: হেরে জানাই নাই। হেয় অনেক দিন ধইরাই আমার ও সন্তানেগো খোঁজ রাহে না। সন্তান বেচনের খবর পাইয়া আমার লগে খারাপ ব্যবহার করছে। এহন করে না।

প্রশ্ন :

প্রথম আলো: ছেলেকে নিয়ে ভবিষ্যতের ভাবনা কী?

তামান্না আক্তার: আশা আছে, এই সন্তানডারে লেহাপড়া শিখাইয়া মানুষ করুম। তবে টেয়া-পইসার সমস্যায় এই আশা পূরণ করতে পারুম কি না জানি না। মাইনষের সহযোগিতা পাইলে পারুম।

আরও পড়ুন