ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আজমেরী ওসমান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
আজ রোববার বিকেলে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সদস্যসচিব হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ত্বকী মঞ্চের নেতারা বিবৃতিতে বলেন, ‘গতকাল শনিবার দুপুরে মোটরসাইকেলবহর নিয়ে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা করা হয়েছে। আজমেরী ওসমানের সন্ত্রাসী বাহিনী এ হামলা করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। ২০১৩ সালের ৬ মার্চ আজমেরী ওসমানের টর্চার সেলে আজমেরীর নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেন। ওই বছর ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি ও তদন্তে আজমেরী ওসমানের নাম আসার পরও তাঁকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেনি, যা নজিরবিহীন ও দেশের আইনব্যবস্থার দেউলিয়াপনার নগ্ন বহিঃপ্রকাশ। এর মাধ্যমে ঘাতকদের মধ্যে এ ধারণা জন্মেছে যে তাঁরা আইন ও বিচারপ্রক্রিয়ার ঊর্ধ্বে। তাই তাঁরা বেপরোয়া ও দুর্বিনীত। তাঁদের হাত থেকে কেউই রেহাই পান না। দ্রুত আজমেরীসহ ঘাতকদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জের কার্যালয়ে হামলাকারী ও হামলার নির্দেশদাতা আজমেরী ওসমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় পত্রিকা কার্যালয়ে শহরের চিহ্নিত সন্ত্রাসী ও দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর চালান এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেন। তাঁরা প্রশাসনের নাকের ডগায় বসে হত্যা-খুন ও চাঁদার জন্য ব্যবসায়ীদের তুলে এনে টর্চার সেলে নির্যাতনসহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১৩ সালে ত্বকীকে হত্যার পর তদন্তকারী সংস্থা র্যাব ওই বছর ৭ আগস্ট আজমেরীর আল্লামা ইকবাল রোডের টর্চার সেলে অভিযান চালালে সেখান থেকে রক্তমাখা প্যান্ট, দেয়াল ও ফার্নিচারে গুলির চিহ্ন, ইয়াবা সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ত্বকী হত্যার সঙ্গে জড়িত থাকার সব প্রমাণ থাকার পরও আজমেরীকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের সামনে, কখনো প্রশাসনের সহযোগিতায় বছরের পর বছর তিনি তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। আমরা সরকার ও প্রশাসনের এ দুর্বৃত্ত রক্ষার অবস্থানের তীব্র নিন্দা জানাই। একটি স্বাধীন দেশে এমন বৈষম্যমূলক বিচারব্যবস্থা চলতে পারে না। আমরা দৈনিক সময়ের নারায়ণগঞ্জ কার্যালয়ে হামলার জন্য আজমেরী ওসমানসহ তাঁর সহযোগী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’