আজমেরী ওসমানের ৮ সহযোগী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুরের মামলায় আজমেরী ওসমানের আট সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
ছবি: প্রথম আলো

ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজমেরী ওসমানের আট সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসীন শুনানি শেষে এ আদেশ দেন।

যাঁদের রিমান্ড মঞ্জুর হয়েছে, তাঁরা হলেন শ্যামল সাহা লক্ষণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, মো. নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেন। আজ বাদীপক্ষে ছিলেন আইনজীবী শরীফুল ইসলাম, আবু আল ইউসুফ খান ও আজিজ আল মামুন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার আটজনকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আজমেরী ওসমানের ১৯ সহযোগীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ। মামলার পর পুলিশ আল্লামা ইকবাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান প্রথম আলোকে বলেন, পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলায় পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর, হত্যার হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে মহড়া শেষে চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকার স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান আজমেরী ওসমানের সহযোগীরা। ত্বকী হত্যায় র‌্যাবের খসড়া অভিযোগপত্রের সংবাদে আজমেরী ওসমানকে ইয়াবা আসক্ত উল্লেখ করার জের ধরে সশস্ত্র ক্যাডাররা পত্রিকার সাংবাদিকদের গালাগাল ও মাফ না চাইলে সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেন। হামলার পর সিসি ক্যামেরা ভাঙচুর ও হার্ডডিস্ক ডিভাইস খুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

আরও পড়ুন