দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার আজমেরী ওসমানের আট সহযোগীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজমেরী ওসমান জাতীয় পার্টির সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে ও আওয়ামী লীগের বর্তমান সাংসদ শামীম ওসমানের ভাতিজা।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালতে জামিন আবেদন জানালে শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। আসামিরা হলেন শ্যামল সাহা, নাসির হোসেন, কৃষ্ণা, ইব্রাহিম, হাসিব, লিটন দাস, মো. ফয়সাল ও বিল্লাল হোসেন।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় আজমেরী ওসমানের অনুসারীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ আছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালত ২২ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
এদিকে মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নাসির উদ্দিন, আক্তার নূরসহ এজাহারভুক্ত অন্য আসামিরা কেউ এখনো গ্রেপ্তার হননি। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান প্রথম আলোকে বলেন, রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই–বাছাই করা হচ্ছে। প্রধান আসামি নাসির উদ্দিনসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকাজ চলছে। এ ঘটনার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী যাঁরাই রয়েছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে মহড়া শেষে চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকায় স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার কার্যালয়ে অফিসে আজমেরী ওসমানের সহযোগীরা হামলা ও ভাঙচুর চালান। ত্বকী হত্যার র্যাবের খসড়া অভিযোগপত্রের সংবাদে আজমেরী ওসমানকে ইয়াবা আসক্ত উল্লেখ করায় সশস্ত্র সন্ত্রাসীরা ওই পত্রিকা অফিসের সাংবাদিকদের গালাগাল করেন ও মাফ না চাইলে সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেন। হামলার পর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও কম্পিউটারের হার্ডডিস্ক ডিভাইস খুলে নিয়ে যান তাঁরা।
এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টায় ওই পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পুলিশ এ ঘটনায় আজমেরী ওসমানের সহযোগী এজাহারভুক্ত ২ আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করে।