আদর-যত্ন পেয়ে বানরটি বনে ফিরতে প্রস্তুত হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা লজ্জাবতী বানর। আজ শনিবার সকালে মৌলভীবাজারের জানকীছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে
ছবি: প্রথম আলো

পাচারের চেষ্টার শিকার একটি লজ্জাবতী বানরকে সম্প্রতি উদ্ধার করেছে বন বিভাগ। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান-সংলগ্ন জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে এটিকে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় একটি জার্মান সংস্থার তত্ত্বাবধানে বানরটির পরিচর্যা চলছে। আদর-যত্ন পেয়ে বানরটি ধীরে ধীরে বনে ফিরতে প্রস্তুত হয়ে উঠছে।

১৩ এপ্রিল ভোরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে খবর আসে, হবিগঞ্জের চুনারুঘাটে একটি লজ্জাবতী বানর আটক আছে। একটি পুকুরের পাড় থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেছেন সবুজ মিয়া নামের এক ব্যক্তি ও তাঁর এক সহযোগী। লজ্জাবতী বানরটি সবুজ মিয়ার বাড়িতেই আছে। সবুজ মিয়া ১১ এপ্রিল বিকেলে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে আসেন। বানরটিকে একটি চক্র পাচারের চেষ্টা করছিল। ঘটনাটি জানার পর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে ওই দিন (বুধবার) সকালেই বন্য প্রাণী বিভাগের একটি দল ঘটনাস্থল হবিগঞ্জের চুনারুঘাটের রানীরবাজার পৌঁছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে। সেখানে সবুজ মিয়া বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কাছে লজ্জাবতী বানরটিকে হস্তান্তর করেন।

আরও পড়ুন

লজ্জাবতী বানরটিকে বনে ফেরার মতো সুস্থতা পর্যবেক্ষণ ও পরিচর্যার জন্য এটিকে রাখা হয় জানকীছড়া রেসকিউ সেন্টারে। উদ্ধারের দিন বিকেল থেকেই লজ্জাবতী বানরটির পরিচর্যা ও পর্যবেক্ষণের দায়িত্বে আছে জার্মানির প্লামপ্লরিস ই ভি নামের একটি সংস্থা। সংস্থার পক্ষে লজ্জাবতী বানরটির দেখাশোনাকারী চঞ্চল গোয়ালা আজ শনিবার প্রথম আলোকে বলেন, বানরটি এখন মোটামুটি ভালো আছে। তবে কানে গরুর শরীরে থাকে এ রকম পোকায় ভরা। এ জন্য মাঝেমধ্যে ছটফট করে। সারা দিন ঘুমিয়ে কাটায়। সন্ধ্যা হলে আস্তে আস্তে জেগে ওঠে। চঞ্চল গোয়ালা বলেন, এটি একটি পরিণত বয়স্ক লজ্জাবতী বানর। এটিকে জিগাজাতীয় গাছের আঠা ও পোকা উৎপাদন করে খাওয়ানো হচ্ছে। পোকা তিনি নিজেই উৎপাদন করছেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

বন্য প্রাণী গবেষক মো. হাসান আল রাজী প্রথম আলোকে বলেন, ‘লজ্জাবতী বানর বাংলাদেশ ও বিশ্বে একটি বিপন্ন প্রাণী। বিভিন্ন কারণে দিন দিন এদের সংখ্যা কমে আসছে। বাংলাদেশে এই প্রাণী রক্ষায় জার্মান সংস্থা প্লামপ্লরিস ই ভির সহযোগিতায় বন বিভাগের সঙ্গে আমরা ২০১৫ থেকে কাজ করছি। এই কাজের একটি হলো আহত ও উদ্ধার হওয়া লজ্জাবতী বানরদের পুনর্বাসনকেন্দ্র তৈরি। মূল উদ্দেশ্য, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরের স্বাস্থ্য পরীক্ষার পর যথাযথ স্থানে অবমুক্ত করা।’

আরও পড়ুন

বন্য প্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। এটি দেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণী। ইংরেজিতে এটিকে বেঙ্গল স্লো লরিস বা নর্থান স্লো লরিস বলে। বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এরা বাংলাদেশে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা। এরা নিশাচর। বনের গভীরে উঁচু গাছে থাকতে পছন্দ করে। দিনে গাছের খোঁড়লে বা ঘন পাতার আড়ালে ঘুমিয়ে কাটায়। ঘুমালে শরীরকে গোল বলের মতো করে রাখে। বিরল, নিশাচর ও লাজুক হওয়ায় দিনে এদের সহজে চোখে পড়ে না। এগুলো গাছে গাছেই থাকে। সহজে মাটিতে নামে না। ধীরগতিতে চলাফেরা করে। এরা সাধারণত ফল, পাতা, উদ্ভিদের কষ বা নির্যাস ইত্যাদি খায়। মাঝেমধ্যে বড় কীটপতঙ্গ, পাখির ডিম-ছানা, সরীসৃপও খেয়ে থাকে।

আরও পড়ুন

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বানরটি ভালো আছে। গবেষকেরা যেদিন স্বাস্থ্য পরীক্ষা করে বলবেন ছাড়া যাবে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বনে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন