সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিনে থাকা ঘটনার মূল ইন্ধনদাতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৭২ জনের জামিন নামঞ্জুর করে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।
এ সম্পর্কে আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, আজ ১২৫ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এর মধ্যে অভিযোগপত্রভুক্ত ৭২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অভিযোগপত্রে থাকা অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত বছরের ১৭ মার্চ ফেসবুকের একটি পোস্ট নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে শাল্লার নোয়াগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে দেশে-বিদেশে এ হামলার ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
হামলার ঘটনার আগে ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় মামুনুল হক বক্তব্য দেন। পরে মামুনুল হককে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেন বলে অভিযোগ ওঠে নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের বিরুদ্ধে। ১৬ মার্চ রাতে পুলিশ ঝুমন দাশকে আটক করে। পরদিন ১৭ মার্চ সকালে উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চণ্ডিপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাটিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে বাড়িঘর ও মন্দিরে হামলা চালান।
এ ঘটনায় পরে শাল্লায় থানায় ১৮ মার্চ দুটি এবং ২২ মার্চ একটি মামলা করা হয়। ১৮ মার্চে করা দুটি মামলার একটির বাদী হন শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম। এ মামলায় প্রায় দেড় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। অন্য মামলাটি করেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার। এ মামলায় ৪৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দেড় হাজার আসামি করা হয়। ২২ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুমন দাশের বিরুদ্ধে আরেকটি মামলা করেন শাল্লা থানার এসআই আবদুল করিম।
এ পর্যন্ত পুলিশ বিভিন্ন সময়ে ঘটনার মূল ইন্ধনদাতা নাসনি গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীনসহ ৭৫ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া বিভিন্ন সময়ে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন আরও ৪৯ জন।
পুলিশ ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদারের করা মামলা দুটি তদন্ত করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঝুমন দাশের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। এ মামলায় ঝুমন দাশ প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। পরে হাইকোর্ট তাঁকে এক বছরের জন্য জামিন দেন।