আদালতে স্বীকারোক্তি, টাকা না পেয়ে বাবাকে খুন করেন হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় মিয়া
ছবি: প্রথম আলো

ছেলের চলাফেরা পছন্দ করতেন না বাবা। নানা প্রয়োজনে বাবার কাছে টাকা চাইলেও পেতেন না। বরং বাবা গালমন্দ করতেন। কখনো ছেলেকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেন। বাবার এমন আচরণে ছেলের মনে ক্ষোভ জন্মায়। ক্ষোভ থেকে বাবাকে খুন করার ভাবনা আসে ছেলের মাথায়।

এর মধ্যে গত বুধবার আবার বাবার কাছে টাকা চেয়ে হতাশ হন তিনি। এরপর শুক্রবার দিবাগত রাতে বাবাকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ আদালতে বাবাকে নিজ হাতে খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হৃদয় মিয়া (২৫)। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আফছার হৃদয়ের জবানবন্দি রেকর্ড করেন। কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হৃদয় মিয়া তাঁর বাবা নিদন মিয়াকে (৫৩) দা দিয়ে কুপিয়ে জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে নিদন মিয়া মারা যান।

জবানবন্দিতে হৃদয় বলেন, বুধবার রাতে হৃদয় তাঁর বাবার কাছে টাকা চাইলে নিদন মিয়া টাকা দিকে অস্বীকৃতি জানান। এ সময় হৃদয়ের মা সাফিয়া আক্তার ছেলের পক্ষ নেন। এতে নিদন মিয়া ক্ষিপ্ত হয়ে সাফিয়াকে মারধর করেন। এই ঘটনার পর বাবাকে হত্যার হুমকি দেন হৃদয়। এরপর থেকে নিদন মিয়া আর বাড়িতে থাকতেন না। রাতে নিদন মিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে ঘুমাতেন।

এদিকে শুক্রবার রাতে একটি চায়ের দোকান থেকে চা পান করে ঘুমানোর জন্য নিদন ওই বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পৌর শহরের দড়ি চরিয়াকোনা এলাকায় বাবাকে একা পেয়ে হৃদয় তাঁকে কুপিয়ে জখম করেন।

আরও পড়ুন

স্থানীয় ব্যক্তিরা জানান, নিহত নিদনের (৫৩) বাড়ি কটিয়াদী পৌর শহরের দড়ি চরিয়াকোনা এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। হৃদয় বছরখানেক আগে মাদকাসক্ত হয়ে পড়েন। কয়েক মাস আগ থেকেই পরিবারের সঙ্গে হৃদয়ের দূরত্ব বাড়ে। সম্প্রতি বাবার কাছে ঘন ঘন টাকাপয়সা চাইতেন। না পেলে বাড়িঘর ও আসবাব ভাঙচুর করতেন।

মামলার বাদী হৃদয়ের ভাই রতন মিয়া বলেন, ‘ছেলেই বাবাকে খুন করেছে—এই সত্য কারও অজানা নয়। আদালতে স্বীকারোক্তি দেওয়ায় সত্যটি আর সত্য হলো। তবে পরিবারের একজন হিসেবে এই সত্য কোনোভাবেই মানতে পারছি না। সমাজের সামনে মুখ দেখাতে পারছি না। আমরা ছোট হয়ে গেলাম।’