‘আব্বুর মুখে আর মা ডাক শুনব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসআই জাহাঙ্গীর আলমকে হারিয়ে নির্বাক স্বজনেরা
ছবি: প্রথম আলো

‘আব্বু কর্মস্থল থেকে বাসায় ফিরে প্রথমেই বলতেন, “মা জুঁই, দরজা খোল।” কিন্তু অজানা ঘাতক গাড়ি আব্বুর প্রাণ কেড়ে নিয়েছে। আব্বু না–ফেরার দেশে চলে গেছেন। আব্বুর মুখে আর কখনো মা ডাক শুনব না।’ আজ রোববার বিকেলে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের মেয়ে ইশরাত জাহান (জুঁই)।

জাহাঙ্গীর আলমের বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। গত শুক্রবার গভীর রাতে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

দুপুরে প্রতাবিয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটিতে সুনসান নীরবতা। সদ্য প্রয়াত জাহাঙ্গীরের কবরে ঘের দেওয়ার জন্য দুই ব্যক্তি বাঁশ কেটে বেড়া তৈরি করছেন। এ বাড়িতে এসআই জাহাঙ্গীরের ছোট ভাই জাহিদুল ইসলাম ও তাঁর দুই চাচার পরিবার বসবাস করে। জাহাঙ্গীর ও তাঁর ছোট ভাই জাহিদুলের থাকার জন্য রয়েছে একটি আধা পাকা টিনের ঘর। সেই ঘরেই এখন থাকছে জাহাঙ্গীরের পরিবার। স্বামীর অকালমৃত্যুতে স্ত্রী পারভীন আক্তার শোকে মুহ্যমান। কারও সঙ্গেই কথা বলতে চান না। সাংবাদিক পরিচয় দিয়ে অনুরোধ করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

নিহত এসআই জাহাঙ্গীর দুই সন্তানের জনক। ছেলে আবির আজাদ এবার এসএসসি পাস করেছে। ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মেয়ে ইশরাত জাহান ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

যে গাড়ির ধাক্কায় আমার ভাই প্রাণ হারিয়েছেন, সেটা শনাক্ত করে দায়ী চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।
এসআই জাহাঙ্গীরের ছোট ভাই জাহিদুল ইসলাম

আবির আজাদ প্রথম আলোকে বলে, তারা ঢাকার ডেমরা এলাকায় ভাড়া বাসায় থাকে। দুর্ঘটনায় বাবার মৃত্যুতে সবকিছু ওলট–পালট হয়ে গেছে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে কলেজে ভর্তি হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সে কলেজে ভর্তি হতে পারবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জাহাঙ্গীরের ছোট ভাই জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের বাবা কাজিম উদ্দিনও পুলিশ কনস্টেবল ছিলেন। তাঁর শেষ কর্মস্থল ছিল নেত্রকোনায়। ১৯৯৫ সালে সারসংকটের জেরে কৃষকেরা আন্দোলন করেন। ওই সময় নেত্রকোনা পুলিশে কর্মরত কাজিম উদ্দিন আন্দোলনরত কৃষকদের ইটপাটকেলের নিক্ষেপে মারা যান। আর গত শুক্রবার রাতে বাবার মতো সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বড় ভাই জাহাঙ্গীরও প্রাণ হারালেন। জাহিদুল বলেন, ‘যে গাড়ির ধাক্কায় আমার ভাই প্রাণ হারিয়েছেন, সেটা শনাক্ত করে দায়ী চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।’

আরও পড়ুন

পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাহাঙ্গীরের প্রতিবেশী মো. হায়দার আলী প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর একজন সৎ পুলিশ কর্মকর্তা ও সজ্জন ব্যক্তি ছিলেন। পুলিশে চাকরি করলেও তিনি সাদাসিদে জীবন যাপন করতেন। বছরে এক-দুবার বাড়িতে এলেও সবার খোঁজখবর নিতেন।

শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারি দায়িত্ব পালনকালে এসআই জাহাঙ্গীর আলম নিহত হন। তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর পরিবারকে অর্থসহায়তাসহ সরকারি নিয়মানুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।