‘আমাদের জানটা ভিক্ষা দেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আগুন লেগে যায়
ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলার শিকার এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রয়েছেন ডেক ক্যাডেট ফয়সাল আহমেদ সেতু। অন্যদের মতো তিনিও আতঙ্কে আছেন। জাহাজ থেকে তিনি একটি ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছেন। সেখানে তিনি বাঁচার আকুতি জানিয়েছেন।

ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আরও পড়ুন
ভিডিওবার্তায় কথা বলছেন এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ফয়সাল আহমেদ সেতু
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভিডিও বার্তায় ফয়সাল আহমেদ বলেন, ‘আমি ফয়সাল আহমেদ সেতু। বাংলার সমৃদ্ধি জাহাজে ডেক ক্যাডেট হিসেবে যুক্ত। আজকে আমাদের জাহাজে বিকেল পাঁচটার সময় বোমা হামলা হয়। আমি ব্রিজে থাকা অবস্থায় আহত হই। আমার নাকে কাচের টুকরা লাগছে, আমার হাত কেটে গেছে। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার মারা গেছেন....ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ফয়সাল বাঁচার আকুতি জানিয়ে বলেন, ‘আপনারা দ্রুত সম্ভব ভিডিওটা ছড়ায় দেন এবং উদ্ধার করার ব্যবস্থা করে দেন। এখানে অনেক অসহায় অবস্থায় আছি। আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। আমাদের এখানে থাকার মতো আপাতত কোনো অবস্থা নেই। আমরা কষ্ট করে ঘোরাফেরা করছি। আমরা ২৮ জন আছি। আমাদের জানটা ভিক্ষা দেন। আপনারা আমাদের এখান থেকে বের হবার ব্যবস্থা করেন।’

ফয়সালের বাবা ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ভিডিওটা তিনি দেখেছেন। তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি মুঠোফোনে ছেলের কণ্ঠ সর্বশেষ শুনেছেন। এরপর যেটুকু যোগাযোগ হয়েছে, সেটা মেসেঞ্জারে লিখে লিখে। ছেলে বাংলাদেশ সময় বুধবার বিকেল চারটার পর (হামলার কয়েক ঘণ্টা আগে) লেখে, ‘আম্মুকে বইলেন চিন্তা করে না যেন, আমি ভালো আছি।’ ওটাই পরিবারকে লেখা তাঁর সর্বশেষ মেসেজ।

ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় বাংলাদেশের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ নোঙর করা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে গত ২৩ ফেব্রুয়ারি জাহাজটি সেখানে আটকা পড়ে। ওই জাহাজেই বাংলাদেশ সময় বুধবার রাত ৯টার দিকে গোলা পড়ে বিস্ফোরণ ঘটেছে। ওই হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের নিথর দেহ পড়ে ছিল। ফয়সালের তথ্যমতে, ওই জাহাজে আরও ২৮ জন নাবিক রয়েছেন।