আরও এক শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হচ্ছে
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন মো. আসমাউল (৭) নামের শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এ নিয়ে নৌকাডুবিতে তিনজনের লাশ উদ্ধার হলো। আসমাউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মো. বাবুর মেয়ে। এর আগে গতকাল বুধবার আসমাউলের নানি নিলুফা বেগম (৫৫) ও বোন মাইশার (৫ মাস) লাশ উদ্ধার হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বি ও পাকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকার বোগলাউড়ি ঘাট থেকে দশরশিয়া ঘাট যাওয়ার পথে বুধবার বেলা পৌনে দুইটার দিকে যাত্রী ও মালবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৪ জন।

ইউএনও সাকিব-আল-রাব্বি ও ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন প্রথম আলোকে জানান, বুধবার রাতের মধ্যেই নদীতে ভাসতে ভাসতে নৌকায় ও কেউ কেউ সাঁতরে পাড়ে ওঠা ১৯ জন উদ্ধার হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০ জন উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস শিবগঞ্জ উপজেলা ইউনিটের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করে। ভাটিতে ভারতীয় সীমান্ত পর্যন্ত নৌকায় করে নিখোঁজ মানুষদের খোঁজা হচ্ছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।

আরও পড়ুন