আ.লীগের দুই পক্ষের বিরোধে ‘অশান্ত’ গ্রাম, দুই মাসেও ঘরে ফিরতে পারেননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়। মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্নাচাপড় গ্রামে
ছবি: প্রথম আলো

এক শতক জমি নিয়ে দুই প্রতিবেশীর বিরোধ। সেই বিরোধে পাল্টাপাল্টি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ। দুই পক্ষের সংঘাতে স্থানীয় যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। বদলা নিতে এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হত্যা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি ৬ মামলায় আসামি হন দেড় শতাধিক নারী ও পুরুষ। আসামিদের বেশির ভাগই দিনমজুর ও খেটে খাওয়া শ্রমিক।

প্রায় দুই মাস পর আসামিরা জামিন নিয়ে গ্রামে ফিরলেও, প্রতিপক্ষের ভাঙচুর-লুটপাটে নিঃস্ব কয়েকটি পরিবারের ঘরে ফেরার অবস্থা নেই। আশ্রয় নিয়েছে বাড়ির পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হত্যাকাণ্ড ও পরবর্তী পরিস্থিতির জন্য দুই পক্ষই দুষছে একে অপরকে। আবার দুই পক্ষে উত্তেজনা তৈরি হয়। দুই মাস আগের হত্যাকাণ্ড ঘিরে এমন ‘অশান্ত’ পরিস্থিতি বিরাজ করছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনী বিন্নাচাপড় গ্রামে। নতুন সংঘাতের শঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষে শান্তি ফেরানোর চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে ‘ঘি’ ঢালছেন বর্তমান ও সাবেক তিন জনপ্রতিনিধি। এর মধ্যে খুন হওয়া যুবলীগের নেতার পরিবারের বিপক্ষে অবস্থান নিয়েছেন মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস্কেন্দার আলী। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা গোলাম হাফিজের বাবা। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এলিজা বেগম। তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইন্দাজ আলী ফকিরের স্ত্রী। তাঁরা দুজনই যুবলীগের নেতা হত্যা মামলার আসামি। অন্যদিকে হত্যা মামলার বাদীপক্ষকে আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ইন্ধন দেওয়ার অভিযোগ আছে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা মিয়ার বিরুদ্ধে।

খেউনী বিন্নাচাপড় গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বাস। গ্রামটিতে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ দীর্ঘ দিনের। এক পক্ষে নেতৃত্ব দিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা মিয়া, অন্য পক্ষে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইন্দাজ আলী।

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়। দুই মাস পরে বাড়িতে ধ্বংসযজ্ঞ দেখে গ্রামের বিদ্যালয়ের একটি ঘরে আশ্রয় নিয়েছে নারী ও শিশুরা। মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্নাচাপড় গ্রামে
ছবি: প্রথম আলো

পুলিশ ও এলাকাবাসী জানান, খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক শতক জমি নিয়ে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব বাধে। তাঁদের মধ্যে একজনের পক্ষ নেন বাদশা মিয়া। অন্য পক্ষ নেন ইন্দাজ আলী। গত ১৭ এপ্রিল বিরোধপূর্ণ জায়গায় এক পক্ষ দোকানঘর বানাতে গেলে প্রতিপক্ষ ভেঙে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বাদশার অনুসারী ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রশীদ গুরুতর আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় বজলুরের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে ইন্দাজ আলী, এলিজা বেগম ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাসহ ৩৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করে আরেকটি মামলা করা হয়। মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, সহসভাপতি আবুল কাশেম, মোক্তার আলী, সাংগঠনিক সম্পাদক সুলতান আলীকেও আসামি করা হয়।

মামলার বাদী বুলবুলি বেগম মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বাদশা মেম্বারের লোক হওয়ায় ছেলে মিনহাজ ও মিজানুরের ওপর আসামিরা হামলা করেন। তখন বজলুর খেতে কাজ করছিলেন। ছেলেদের ওপর হামলার খবর পেয়ে সেখানে গেলে আসামিরা চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে বজলুরকে পিটিয়ে হত্যা করেন।

এলাকাবাসী আরও জানান, হত্যা মামলার পর পুলিশ পাঁচজন নারী আসামিকে গ্রেপ্তার করে। ওই দুই মামলায় শতাধিক জনকে আসামি করা হয়। গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দেন ইন্দাজের সমর্থকেরা। এই সুযোগে বাদশা মিয়ার সমর্থকেরা প্রতিপক্ষের বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। হামলা ও পুলিশের ভয়ে আসামিপক্ষের শতাধিক লোক আত্মগোপন করেন। নারী ও শিশুরা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার গ্রামে ফেরেন আসামিরা। তবে অন্তত ১০টি বসতবাড়িতে ধ্বংসযজ্ঞের চিহ্ন থাকায় এখনো ঘরে ফেরা হয়নি তাঁদের। ছয় দিন ধরে তাঁরা খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকছেন।

দুপুরে মোক্তার আলীর বাড়িতে গিয়ে দেখা গেল, হামলা-ভাঙচুরের চিহ্ন। বাড়ির দরজা-জানালা ভাঙা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আসবাব, ফ্রিজ, টিভিসহ নানা জিনিস। ভাঙা ঘরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ব্যবহার্য জিনিসপত্র। একই চিত্র আবদুল মান্নানের বাড়িসহ আরও ৮-১০টি বাড়িতে।

মোক্তার আলী বলেন, মামলার পর আত্মগোপনে ছিলেন তিনি। তখন বাদীপক্ষের লোকজন হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র গুঁড়িয়ে দিয়েছেন। লুট করেছেন চাল, ডাল, অর্থকড়ি, অলংকার, গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র। বসতঘরে ওঠার মতো অবস্থা না থাকায় পরিবারসহ বিদ্যালয়ে রাত কাটাচ্ছেন।

মামলার প্রধান আসামি ইন্দাজ আলী বলেন, পুলিশের ভয়ে আসামিরা যখন গ্রামছাড়া, তখন বাদীপক্ষের লোকজন বহু বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। বাদশা মিয়ার ইন্ধনে হামলায় নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামিরুল ইসলাম। এই ঘটনায় করা চার মামলায় তাঁকে আসামি করা হয়েছে। ইউপি সদস্য এলিজা বেগম বলেন, আসামি হওয়ায় কোনো বাড়িতেই পুরুষ ছিলেন না। এই সুযোগে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বাড়ির গরু-ছাগল, টিউবওয়েল পর্যন্ত লুট করা হয়েছে।

ধ্বংসযজ্ঞের মধ্যে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন গৃহবধূ নূরুন নাহার। মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্নাচাপড় গ্রামে
ছবি: প্রথম আলো

হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামিরুল ইসলাম বলেন, কোনো অপরাধ না করেও চাচা বজলুরকে রোজার সময় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। খুনের ঘটনা ভিন্ন খাতে নিতে নিজেদের লোক দিয়ে বাড়িঘর ভাঙচুর করে অর্ধশত মানুষকে আসামি করে চারটি মামলা করা হয়েছে। আওয়ামী লীগকে ঘায়েল করতে অন্য পক্ষকে উসকে দিচ্ছেন চেয়ারম্যান এস্কেন্দার আলী। মামলার তদন্তে প্রভাব ও প্রশাসনের অনুকম্পার জন্য ভাঙচুরের নাটক সাজিয়ে স্কুলে লোকজন জড়ো করার ফন্দিও তাঁরই।

উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান এস্কেন্দার আলী বলেন, দুই পক্ষের বিরোধে ইন্ধন দেওয়ার অভিযোগ সত্য নয়। ৪০টি পরিবারের বাড়িঘরে ওঠার মতো অবস্থা নেই। মানবিক কারণে স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যানের অনুরোধেই বিদ্যালয়ের একটি কক্ষ বৃহস্পতিবার থেকে কয়েকটি পরিবারকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী ছাড়াও ১৮-২০টি পরিবার থাকছে।

আরও পড়ুন

এ বিষয়ে বাদশা মিয়া প্রথম আলোকে বলেন, মাঝিহট্ট ইউনিয়নে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছেন চেয়ারম্যান। ইউপির মহিলা সদস্য ও তাঁর স্বামী ইন্দাজ আলী চেয়ারম্যানের নীলনকশা বাস্তবায়ন করছেন। যুবলীগের নেতাকে হত্যার পর মিথ্যা মামলায় আওয়ামী লীগের পরিবারকে হয়রানি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুমের নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তখন ইউএনও বলেন, কোনোভাবেই পরিস্থিতি অশান্ত করা যাবে না। স্কুলঘরে থাকা যাবে না। বসতঘরে ফিরতে হবে। শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান বলেন, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। নতুন করে যাতে কোনো সংঘাত না হয়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, দুই পক্ষই আওয়ামী লীগের, এটা সত্য। দুই পক্ষের বিরোধের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ এখানে উসকানি দিচ্ছে। দলের পক্ষ থেকে দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।