ইউপি চেয়ারম্যানকে হত্যা করতে গুলি চালানো হয় ট্রলারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলায় গুলি করে যুবলীগের নেতাকে হত্যা মামলার প্রধান আসামি মো. জামালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
প্রথম আলো

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানকে হত্যার করার লক্ষ্যে ট্রলারে গুলি চালানো হয়। কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবলীগ নেতা খোরশেদ আলমের মাথায় লাগলে তিনি মারা যান।

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু (৩২) হত্যা মামলার প্রধান আসামি মো. জামালউদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন। আজ রোববার বেলা ১১টায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে মো. জামালউদ্দিনকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারে জন্য গাজীপুর ও বরিশালের মেহেন্দীগঞ্জেও অভিযান চালানো হয়েছে। কিন্তু আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই হত্যা মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে। জামালউদ্দিনের বিরুদ্ধে ভোলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি, জমি দখল, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা হয়েছে।

পুলিশ সুপার বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে জামালউদ্দিন জানিয়েছেন, গত ১১ নভেম্বর দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে তিনি (জামালউদ্দিন) স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সামান্য ভোটের ব্যবধানে তিনি নৌকার প্রার্থী এ কে এম নাছির উদ্দিনের কাছে হেরে যান। এ ক্ষোভ থেকে তিনি নাছির উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন।

ওই পরিকল্পনা অনুযায়ী ২৬ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে ভোলা সদরের হেতনারহাটসংলগ্ন মেঘনা নদীতে জামালউদ্দিনের লোকজন স্পিডবোট নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তখন যাত্রীবাহী একটি ট্রলারে মদনপুর থেকে ফিরছিলেন। জামালউদ্দিন তখন অদূরে মেঘনায় আরেকটি স্পিডবোটে অপেক্ষা করছিলেন।

পুলিশ সুপার জামালউদ্দিনের বরাত দিয়ে আরও বলেন, নদীতে তীব্র ঢেউয়ের কারণে স্পিডবোট থেকে ছোড়া গুলি মদনপুরের ইউপি চেয়ারম্যানের গায়ে লাগেনি। উল্টো ট্রলারের মাঝি দ্রুতবেগে ট্রলার চালিয়ে হামলাকারীদের স্পিডবোটকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারটি নাছির মাঝি ঘাটে গিয়ে যাত্রীদের নামিয়ে আসে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে জামালউদ্দিন পুলিশকে বলেছেন, ট্রলার থেকে যাত্রীদের নামিয়ে যুবলীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে অস্ত্রধারীদের ধরতে ডুবে যাওয়া স্পিডবোটের কাছে যান। এ সময় ট্রলার লক্ষ্য করে জামালউদ্দিনের লোকজন এলোপাতাড়ি গুলি চালান। তখন খোরশেদ আলমের কপালে গুলি লাগে। এ ঘটনা দেখে জামালউদ্দিন স্পিডবোট নিয়ে পালিয়ে আসেন।

সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে জামালউদ্দিন সেসব তথ্য দিয়েছেন, তার সত্যতা যাচাই–বাছাই করা হবে। এ ছাড়া ওই হত্যাকাণ্ডের ঘটনায় আরও তথ্য পাওয়ার জন্য তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুন
আরও পড়ুন